নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপিত
মাদক, জঙ্গিবাদকে সবার 'না' বলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে সবার ‘না’ বলতে হবে। এগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বাংলাদেশকে নিরাপদ রাখতে তাই এগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, থাকবে।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল সকাল ১০টা ৩২ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করেন। ১০টা ৩৪ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এদিকে সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রাজধানীসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করা হয়।
টুঙ্গিপাড়ায় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে শিশুদের দূরে রাখতে হবে। তাহলে শিশুরা নিরাপদ জীবন পাবে। তাদের লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। আন্তস্কুল ও জেলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এর মধ্য দিয়ে শিশুদের সুপ্ত মেধা ও মননের বিকাশ ঘটবে। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা সেই বাংলাদেশে চাই, যেখানে রাসেলের মতো কোনো শিশুকে জীবন দিতে হবে না। প্রতিটি শিশু যেন নিরাপদ ও সুন্দর জীবন পায়। কোনো শিশু না খেয়ে থাকবে না। কোনো শিশু নিরক্ষর থাকবে না। প্রত্যেকটি শিশু লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে—এটাই আমাদের লক্ষ্য।’
সমাবেশে শিশু লুবাইনা রুবাবা সভাপতিত্ব করে। স্বাগত বক্তব্য দেয় আরেক শিশু শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। সামিয়া রহমান ও সৌরভ পাল নামে দুটি শিশু অনুষ্ঠান সঞ্চালনা করে।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী ১৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ঢাকায় গোপালগঞ্জ সমিতির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। পরে তিনি সমাধিসৌধ চত্বরে দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন।
ঢাকায় দিনব্যাপী কর্মসূচি: এদিকে গতকাল ঢাকায় নানা আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটিকে একই সঙ্গে জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসা, পুরস্কার বিতরণী, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার প্রভৃতি।
ভোর সাড়ে ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় প্রধান হিসেবেও দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) পালন করে মুজিবোৎসব। বাংলাদেশ জাতীয় হিন্দু মৈত্রী পরিষদ রামসীতা মন্দিরে এক প্রার্থনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী, নজরুল ইনস্টিটিউট ও ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সারা দেশে জেলা ও উপজেলা সদরে দিবসটি উপলক্ষে শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের বাইরে বিভিন্ন দূতাবাসেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।