মাদক ঠেকাতে ঈশ্বরদীতে পুলিশ তল্লাশি কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে মাদকের আমদানি-রপ্তানি ঠেকাতে দুটি তল্লাশি কেন্দ্র (চেকপোস্ট) স্থাপন করা হয়েছে। পাবনার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আলমগীর কবিরের নির্দেশে গত মঙ্গলবার থেকে এই তল্লাশি কেন্দ্রের কাজ শুরু হয়েছে।
তল্লাশি কেন্দ্রের মধ্যে একটি ঈশ্বরদী-নাটোর সড়কের ঈশ্বরদী থানা সীমান্তবর্তী এলাকা গোকুলনগর চক্ষু হাসপাতাল ও অপরটি ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে লালন শাহ সেতু সংযোগ সড়কে বসানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, অভিযানের প্রথম দিন বুধবার গোকুলনগর তল্লাশি কেন্দ্র থেকে পুলিশ সদস্যরা মাদক পাচারের সময় চারজনকে গ্রেপ্তার এবং একটি মাইক্রোবাস ও তিন লিটার তরল ফেনসিডিল জব্দ করেছেন। এ ছাড়া ১৬০টি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে।
পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ঈশ্বরদী ও পাবনা এলাকা মাদকমুক্ত করার জন্য ঈশ্বরদীতে পুলিশ তল্লাশি কেন্দ্র চালু করা হয়েছে।