মাদক ঠেকাতে দোকান বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক চোরাকারবারিদের অপতৎপরতা ঠেকাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী হাটবাজারের দোকানপাট রাত ১০টার মধ্যে বন্ধ করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করানো হয়।
উপজেলা প্রশাসন, বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, সম্প্রতি জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় চোরাকারবারিদের অপতৎপরতা ঠেকাতে বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকার হাটবাজারের দোকানপাট রাত ১০টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেল থেকে শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাঘাট, আমতলা ও বটতলা বাজার, পৃথ্বিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী দিঘিরপাড় বাজার এবং কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বাজারে মাইকিং করা হয়।