জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ইয়াবাসহ নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা ও সেবন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহ-উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ উপাচার্য এ দায়িত্ব দিয়েছেন বলে গতকাল সোমবার সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন জানান৷
বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকের ব্যবসা ও সেবন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে উপাচার্য ফারজানা ইসলাম জানান, এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুদিন আগে সহ-উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও ছাত্রদের নিয়ে কাজ করবেন৷ উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত যে কেউ এ বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন৷’ সহ-উপাচার্য বলেন, ‘উপাচার্য মৌখিকভাবে আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি কাজ শুরু করেছি৷ ক্যাম্পাসে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনের নামও হাতে এসেছে। খোঁজ নিয়ে এ বিষয়ে নিশ্চিত হলে তাঁদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’ ১২ জুন প্রথম আলোয় ‘ক্যাম্পাসে সহজলভ্য হয়ে উঠেছে ইয়াবা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়৷