মাদক ঠেকাতে সন্তানদের সময় দেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে গতকাল ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে পরামর্শ-সহায়তার আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে গতকাল ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে পরামর্শ-সহায়তার আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অভিভাবকেরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন। এটা ঠিক নয়। সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত। বাবা-মা সময় দিলে সন্তান মাদক গ্রহণ করতে পারে না।
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার এ পরামর্শ সহায়তা-৫৮ অনুষ্ঠান হয়। পরামর্শ সভায় বক্তারা বলেন, নিজেদের ইচ্ছাকে জোর করে সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ভালো কাজ করলে তার জন্য প্রশংসা করতে হবে। বাড়ির পরিবেশ ও বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান ইকবাল মাসুদ ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। আরও পরামর্শ দেন ফারজানা রহমান, মেখলা সরকার ও জিল্লুর রহমান খান।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের সমস্যা শুনে পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮ এপ্রিল বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৫৯ অনুষ্ঠিত হবে।