এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনাজপুরের চার উপজেলার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের (দিদউফ) উদ্যোগে বিরামপুর উপজেলা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দিদউফের সাবেক সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাসুদ আলী খান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখছানা বেগম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল প্রমুখ।প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষিত জাতি গঠনের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক। এই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে যুদ্ধে নামতে হবে।’ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শিক্ষাব্যবস্থা যতই উন্নত হোক, মাদকাসক্ত শিক্ষার্থী দিয়ে জাতি গঠন করা সম্ভব নয়। ইউএনও রোখছানা বেগম শিক্ষার্থীদের মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে থাকার আহ্বান জানান।