মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে সমাবেশ
মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ হয়েছে। গত বুধবার রাতে শহরের গোলাহাট মহল্লার ডাঙ্গাপাড়া পুরাতন ঈদগাহ মাঠে ওই সমাবেশ হয়। এতে মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ লোক পৌর এলাকার ১ ও ২ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার প্রত্যয়ে শপথ নেন।
সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেল অফিসটি নীলফামারীতে স্থানান্তরিত হওয়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে ওই সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ১ নম্বর সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা। বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন হোসেন, মুক্তিযোদ্ধা ইব্রাহিম ভান্ডারী, মুক্তিযোদ্ধা আবদুস শহীদ বসুনিয়া প্রমুখ।
বক্তারা ১ ও ২ নম্বর ওয়ার্ডের ২০০ মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন। একই সঙ্গে আন্তজেলা মাদক বিক্রেতা আবু বক্কর সিদ্দিক ও তাঁর গডফাদারকে সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশ শেষে মাদক ও জুয়াবিরোধী আন্দোলন জোরদার করতে ৫১ সদস্য-বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়।