মাদক দিয়ে হয়রানির অভিযোগে এসআই সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামের একাধিক ব্যবসায়ী ও নিরীহ মানুষকে মাদকদ্রব্য দিয়ে হয়রানি করা ও উৎকোচ আদায়ের অভিযোগে উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার বরিশালের পুলিশ সুপার (এসপি) এস এম আক্তারুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই জসিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন। গতকাল বুধবার তিনি বরিশাল পুলিশ লাইনসে যোগদান করেছেন।
বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ের একটি সূত্র জানায়, এসপি আক্তারুজ্জামান মাদক প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা প্রদান করেন। এই অভিযান বাস্তবায়নে জেলার প্রতিটি উপজেলায় সর্বস্তরের সুধী মহলকে নিয়ে মতবিনিময় সভা করে সহযোগিতার আহ্বান জানান। প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের অধীনে থাকা উপপরিদর্শকদের (এসআই) বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব প্রদান করেন।
হারতা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, এসপির মাদকবিরোধী চলমান অভিযানে হারতা ইউনিয়নের দায়িত্ব পান উজিরপুর মডেল থানার এসআই জসিম উদ্দিন খান। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে মোটা অঙ্কের উৎকোচ আদায় করে আসছিলেন। সর্বশেষ গত সোমবার এসআই জসিম হারতা বাজারের মাছ ব্যবসায়ী কার্তিক চন্দ্র ও নরেন দাসের কাছে উৎকোচ দাবি করেন।
ব্যবসায়ী কার্তিক চন্দ্র ও নরেন দাস অভিযোগ করেন, দাবি করা টাকা না দেওয়ায় তাঁদের আটক করে হারতা পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে মাদক মামলায় চালান দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তাঁরা এসপির কাছে লিখিত অভিযোগ করেন।
উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহাবুদ্দিন কবির বলেন, অভিযোগ পাওয়ার পর এসআই জসিমের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযোগের ব্যাপারে এসআই জসিম বলেন, ‘অভিযোগের কোনো সত্যতা নেই, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান হরেন রায়ের কথামতো কাজ না করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’ তবে হরেন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসআই জসিম উদ্দিন খানের এ অভিযোগ অস্বীকার করেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল পুলিশ সুপারের আদেশপত্র পেয়ে গতকাল বুধবার এসআই জসিম বরিশাল পুলিশ লাইনসে যোগদান করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল জেলাপেুলিশ সুপার (এসপি) আক্তারুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এসআই জসিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।