মাদক নিতে নিতেই প্রাণ গেল তাঁর
জয়পুরহাটের কালাইয়ে নেশার ছোবলে মৃত্যু হয়েছে শাহাদত হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীর। গাঁজা ও অ্যালকোহল সেবনের ফলে অসুস্থ অবস্থায় গত বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো কাগজপত্রেও কালাই থানার পুলিশ শাহাদতের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে মাদক (অ্যালকোহল) ও গাঁজা সেবনের কথা উল্লেখ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কলেজপাড়ার আ. সামাদের ছেলে শাহাদত দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল ও চোলাই মদের ব্যবসা করে আসছিলেন। পাশাপাশি তিনি নিজেও নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। গত বুধবার সকালে অজ্ঞান অবস্থায় পরিবারের লোকজন শাহাদতকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। কালাই থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বলেন, ‘হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের ভিত্তিতেই পুলিশ ময়নাতদন্তের নথিতে শাহাদতের মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহল ও গাঁজা সেবন উল্লেখ করা হয়েছে।’