মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শৈথিল্য সরকারের ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে শৈথিল্য আছে। এই ব্যর্থতা প্রশাসনের, এই ব্যর্থতা মহাজোট সরকারের। তামাক নিয়ন্ত্রণ আইনটি আরও কঠোরভাবে বাস্তবায়ন করা উচিত।
জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার ‘বাংলাদেশে মাদকাসক্তি প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি’ শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সভার আয়োজক ছিল তামাকবিরোধী সংগঠন ‘মানস’।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, ‘ক্ষমতার নেশা কোনো যুক্তি মানে না। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ খুন করেন, দেশ বিক্রি করেন, যেনতেন মানুষের সঙ্গে দোস্তি-বন্ধুত্ব করেন, যেমন জামায়াতের সঙ্গে করেছেন। খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘সরকার সুন্দর আইন করেছে, কিন্তু আইনের প্রয়োগ কতটুকু।
এই আইনের আওতায় কতজন শাস্তি পেয়েছেন, তা জানা যায় না। এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যাতে কার্যকর ব্যবস্থা নেয়, তা দেখতে সরকারকে অনুরোধ করব।’
সভায় সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী। মূল প্রবন্ধে বাংলাদেশে তামাক ব্যবহারের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।
এতে জানানো হয়, দেশে প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু ঘটছে তামাকের কারণে। দেশে তামাক সেবনকারী আছেন ৪ কোটি ১৩ লাখ আর অন্যের ধূমপানে ক্ষতিগ্রস্ত অধূমপায়ীর সংখ্যা ৪ কোটি ২০ লাখ। তামাক নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা নেই, জাতীয় কর্মসূচি নেই। তামাকের করনীতিও পর্যালোচনা করা দরকার। প্রবন্ধে বলা হয়, দেশের মাদকাসক্তদের মধ্যে ৯৮ শতাংশ ধূমপায়ী।