মাদক নিয়ন্ত্রণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের মৌখিক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদকে এ কথা বলেন। নিজান প্রশ্ন করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ইয়াবাসহ মাদক সেবনকারীর সংখ্যা প্রচুর। মাদক দমনে শিক্ষা মন্ত্রণালয় কি উদ্যোগ নিয়েছে? এর জবাব দেন মন্ত্রী।
সাধনা হালদারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সহিংস কর্মসূচির কারণে উচ্চমাধ্যমিকের ৩৩টি পত্রের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। এই রাজনৈতিক সংকটের কারণে পাসের হার ২০১২ সালের তুলনায় এ বছর ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
সংসদের অধিবেশন ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়। এমপিওভুক্তির দাবি সাংসদদের: বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তির দাবি জানিয়েছেন সাংসদেরা। গতকাল সংসদে এ জন্য ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তাঁরা।
সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, শিক্ষার প্রতি সর্বাধিক দৃষ্টি দিতে হবে। তিনি এমপিওভুক্তির জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তখন অর্থমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। এ জন্য শেখ সেলিম অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, অর্থমন্ত্রী কেন থাকবেন না। তাঁকে সাংসদদের কথা শুনতে হবে। এমপিওভুক্তির জন্য এক হাজার কোটি টাকা দরকার হবে। অথচ অর্থমন্ত্রী টাকা ছাড় করছেন না। এটা হতে পারে না। শেখ সেলিমের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্য সাংসদদের মতো আমিও চাই এমপিওভুক্তি হোক। এ জন্য টাকার প্রয়োজন। অর্থমন্ত্রী আজ টাকা ছাড় দিলে কালই এমপিওভুক্ত করা হবে।’ এদিকে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাসদের মঈনুদ্দীন খান বাদল গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি ও অবসরকালীন সুবিধা দেওয়ার দাবি জানান।