পাবনার ঈশ্বরদী উপজেলা শহরটির শতবর্ষ পূর্তি হতে যাচ্ছে এ বছর। উত্তরাঞ্চলের পদ্মা নদীর পাড়ে রেলওয়ে শহর হিসেবে ১৯১৫ সালে গড়ে উঠেছিল শহরটি। কিন্তু সেই রেলওয়ে শহরে রেলের প্রায় ১ হাজার ২০০ একর সম্পত্তি বেহাত হয়ে গেছে। কর্মকর্তা-কর্মচারীদের দুই হাজার আবাসিক বাড়ির প্রায় ১ হাজার ৮০০টি বেদখল। বন্ধ হয়ে গেছে বিমানবন্দর, বিখ্যাত পাকশী কাগজ কল।
আছে মাদক সমস্যা নিয়ে সব মহলে উদ্বেগ। আর আছে নানা প্রয়োজনীয় দাবি, ‘বিমানবন্দর চালু করো, রেলকে রক্ষা করো, কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিনির্ভর শিল্পকারখানা স্থাপন করো, ঈশ্বরদীকে জেলায় উন্নীত করো’ ইত্যাদি।
ঈশ্বরদীর ঐতিহ্য আর সমস্যার এই মিশেল চিত্র উঠে এসেছে প্রথম আলোর আয়োজিত গোলটেবিল বৈঠক ও মুক্ত আলোচনায়।
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বুধবার সকালে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘পরিবর্তনের ধারায় আগামীর পথে একসঙ্গে আপনাদের পাশে’ শীর্ষক এ উদ্যোগে গত মঙ্গলবার পাবনা শহরে হয়েছে প্রথম গোলটেবিল ও মুক্ত আলোচনা। আজ প্রথম আলো যাচ্ছে পাবনার বেড়া উপজেলায়।
গতকাল গোলটেবিলের সঞ্চালনা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সূচনা বক্তব্যে তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে যে সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসবে, তা প্রথম আলো ছাপা কাগজ ও অনলাইনে তুলে ধরবে সারা দেশ ও বিশ্বের ২১০ দেশে অবস্থানরত প্রবাসী বাঙালিদের কাছে। প্রশাসন ও নীতিনির্ধারকেরাও জানবেন এলাকার মানুষের অভাব-অভিযোগ ও চাহিদার কথা। ফলে তাঁরা ইচ্ছা করলে মানুষের এসব অসুবিধা দূর করতে বা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে যথাযথ কর্মসূচি নিতে পারবেন।
গোলটেবিল আলোচনা: ঈশ্বরদীর শিক্ষাবিদ, গবেষক, পুলিশের কর্মকর্তা ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক, নারী উদ্যোক্তা ও শিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন গোলটেবিলে।
অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কামাল আহমেদ বলেন, এখানে কোনো পাঠাগার নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কোনো মিলনায়তন নেই। জংশন স্টেশনটির কোনো উন্নতি হয়নি। পদচারী-সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বিমানবন্দর চালু ও ঈশ্বরদীকে জেলায় উন্নীত করার দাবি করেন।
নাগরিক মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ জোর দিয়েছেন দখল হওয়া রেলের সম্পত্তি পুনরুদ্ধারের ওপর। তিনি বলেন, চিহ্নিত একটি চক্র রেলের আবাসিক ভবন দখল করে ভাড়া দিচ্ছে। প্রায় ১ হাজার ২০০ একর জমি দখল করে নিয়েছে। বিশাল রিসোর্ট করা হয়েছে। উচ্চ আদালত সেই রিসোর্ট ভাঙার নির্দেশ দিয়েছেন। অথচ রেল কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। রেলের শহরে রেলই ভূমিহীন হয়ে পড়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি এস এম স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আয়নুল ইসলাম বলেন, ঈশ্বরদী মাদকে ছেয়ে গেছে। শিক্ষার মান নির্ভর করে পরিবেশের ওপর। তাই শিক্ষার মান উন্নত করতে হলে এলাকার পরিবেশও উন্নত করতে হবে।
জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান বাদশা (পেঁপে বাদশা) কৃষিতে ঈশ্বরদীর ব্যাপক সাফল্য, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন। তিনি ঈশ্বরদীতে ইপিজেডের পাশে কৃষি প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রতিষ্ঠা, বেসরকারি উদ্যোক্তাদের কৃষিভিত্তিক শিল্প স্থাপন, বহুমুখী হিমাগার নির্মাণসহ একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে সিরাজুল ইসলামের বক্তব্যেও উঠে আসে মাদকের সমস্যা। তিনি বলেন, সন্ধ্যার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়। তবে কৃষিক্ষেত্রে ঈশ্বরদী বিপুল সাফল্য অর্জন করেছে। দেশের শতকরা ৮০ ভাগ লিচু উৎপাদিত হচ্ছে ঈশ্বরদী-পাবনা অঞ্চলে। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে কৃষকেরা লাভবান হতেন।
নারী কৃষি খামারি মেরিনা খাতুন ২৫টি গরু দিয়ে দুগ্ধ খামার শুরু করেছিলেন। এখন গরুর সংখ্যা ২০০টি। তিনি বলেন, দুধের দাম আর বোতলের পানির দাম সমান। গো-খাদ্যের দাম বেশি। তিনি দুধের দাম বৃদ্ধি ও গো-খাদ্যের দাম কামানোর পরামর্শ দিলেন।
দুগ্ধ খামারি আমিরুল ইসলাম এলাকার খাসজমিগুলো দুগ্ধ খামারিদের ঘাস চাষের জন্য ইজারা দেওয়ার পরামর্শ দেন। এতে দুধের উৎপাদন খরচ কমবে। তিনি এখানে একটি গবাদিপশুর রোগনির্ণয় কেন্দ্র প্রতিষ্ঠা করার পরামর্শ দেন।
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ বলেন, প্রথম আলোর কাছে প্রত্যাশা মানুষের ভালো উদ্যোগ, ইতিবাচক খবর পত্রিকায় গুরুত্ব পাবে।
ঈশ্বরদী ইপিজেডে রহিমআফরোজ গ্লোবাল লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়া এবং ঈশ্বরদী থেকে ট্রেনের প্রথম শ্রেণির পর্যাপ্ত টিকিট না পাওয়ায় যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তিনি ঈশ্বরদী থেকে মালামাল ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু যাহিদ বলেন, তিনি তাঁর কর্মজীবনে ঈশ্বরদীর মতো মাদকের এত ভয়াবহতা কোথাও দেখেননি। এখানে পারিবারিকভাবে মাদক ব্যবসা করা হয়। রেলের কোয়ার্টারগুলো মাদক ব্যবসার প্রধান ঘাঁটি। পুলিশ অভিযান চালায়। ব্যবসায়ীদের গ্রেপ্তার করে। আবার তারা জামিন নিয়ে এসে ব্যবসা শুরু করে। প্রবল সামাজিক আন্দোলন না হলে এখানে মাদকের ভয়াবহতা রোধ করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
মুক্ত আলোচনা: ঈশ্বরদী শহরের বিশিষ্টজন, পেশাজীবী, কৃষিজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সাহিত্যিক, ছাত্রসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মুক্ত আলোচনা শুরু হয়েছিল বিকেল সাড়ে চারটায়। সম্পাদক মতিউর রহমান প্রথম আলোতে তাঁরা কী দেখতে চান, কোথায় ঘাটতি আছে, এলাকার সমস্যা-সম্ভাবনার কথা খোলামেলা আলোচনা করার আহ্বান জানান।
এ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আনিসুজ্জামান ও ঈশ্বরদীর ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণকারীরা প্রথম আলোতে অধিক সংখ্যায় কৃষিবিষয়ক সংবাদ ও ইতিবাচক সংবাদ প্রকাশের কথা বলেন। তাঁরা বলেন, ঈশ্বরদীর যতটুকু উন্নতি হয়েছে তা এর ভৌগোলিক অবস্থানের কারণে, রাজনৈতিক নেতাদের কারণে নয়। এলাকার সমস্যার মধ্যে ভাঙাচোরা রাস্তা, কৃষিপণ্যের সংরক্ষণের উপযুক্ত সুবিধা না থাকা, রেলজংশনের উন্নয়ন, ভারত-বাংলাদেশ মৈত্রী রেলে ঈশ্বরদী থেকে যাত্রী ওঠা-নামার ব্যবস্থা করা, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কৃষিপণ্যের দাম নিশ্চিত করার বিষয়গুলো উঠে আসে।
মহাপরিচালক ড. খলিলুর রহমান এ ধরনের আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের কাছে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা পৌঁছে যাবে। নীতিনির্ধারক মহল জনস্বার্থে যথাযথ পদক্ষেপ নিতে পারবে।
আলোচনায় অংশ নেন আনিসুজ্জামান, মুরাদ মালিথা, ইউনুস আলী, নাসরিন নিগার, এস এম ফজলুর রহমান, মিতা বিশ্বাস, রেজাউর রহিম, মাসুদ রানা, মোস্তাক আহমেদ, ফারুক হোসেন, আবদুল জব্বার প্রমুখ।
সম্পাদক মতিউর রহমান উপস্থিত সুধীজনকে প্রথম আলোর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আপনাদের চাওয়া, পরামর্শ আমরা গুরুত্বে সঙ্গে গ্রহণ করেছি। আমাদের চেষ্টা থাকবে প্রথম আলোতে এর প্রতিফলন ঘটানো।’
আমি বাংলার গান গাই: অনুষ্ঠান শুরু হয়েছিল শিল্পী মাহমুদুজ্জামান বাবুর গান দিয়ে। শেষও হয় তাঁর গাওয়া ‘আমি বাংলার গান গাই’ গানটি দিয়ে।