মাদক নিয়ে গ্রেপ্তার হওয়া বাগমারার সেই শিক্ষক বরখাস্ত
মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হওয়া রাজশাহীর বাগমারার সেই কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এবং হাজত বাস করার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তাঁকে হয়রানি ও হেয় করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, ২০ জুলাই রাতে থানার পুলিশ উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রধান আস্তানুর রহমানকে (৫৩) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি ১০৮ বোতল নেশাদ্রব্য উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ২৫ জুলাই তিনি জামিনে মুক্তি পান। এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ জুলাই কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় এবং হাজত বাস করায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে বরখাস্তের চিঠি গতকাল রোববার ডাকযোগে পাঠানো হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান জানান, অধ্যাপক আস্তানুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের।
তবে আস্তানুর রহমান জানান, তিনি এখনো এ-সংক্রান্ত কোনো চিঠি পাননি, তবে শুনেছেন। তাঁকে হয়রানি করার জন্য প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।