মাদক নিরাময় কেন্দ্রে রোগী হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীকে হত্যার অভিযোগে রাজধানীর বারিধারার একটি মাদক নিরাময় কেন্দ্রের সাতজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার বিকেলে ভাটারা থানায় মামলা হয়েছে। ওই রোগীর নাম আসাদুল ইসলাম (৩২)।
আসাদুলের স্বজনদের বরাত দিয়ে ভাটারা থানার পুলিশ জানায়, আসাদুলের গ্রামের বাড়ি শরীয়তপুরের সফিপুরে। তবে তাঁর পরিবার চট্টগ্রামের হাটহাজারীতে থাকে। আসাদুল একসময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ওই সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়লে তাঁকে লন্ডনে পড়াশোনার জন্য পাঠানো হয়। কিন্তু সেখানে কয়েক দিন থেকে তিনি দেশে ফিরে আবার মাদকাসক্ত হয়ে পড়েন। গত ৯ সেপ্টেম্বর তাঁকে বারিধারার জে ব্লকের ‘প্রত্যয় মেডিকেল ক্লিনিক’ নামের মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।
ভাটারা থানার এসআই শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল সকাল সাতটার দিকে ভাটারার একটি বেসরকারি হাসপাতাল থেকে আসাদুলের লাশ উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নেওয়া ওই নিরাময় কেন্দ্রের লোকজন পুলিশকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার শেষ রাতে আসাদুল জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে লাশে আত্মহত্যার কোনো নমুনা পাওয়া যায়নি। এ মৃত্যু রহস্যজনক। এ কারণে আসাদুলের বাবা রফিকুল ইসলাম ওই নিরাময় কেন্দ্রের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে রফিকুল ইসলামের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।