ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক মাদক নিরাময়কেন্দ্র থেকে যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, মাদক নিরাময়কেন্দ্রের লোকজনের মারধরে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত নেতার নাম সোহেল রানা (২৬)। তিনি সদর উপজেলার ছাতিয়াইন গ্রামের এলেম মিয়ার ছেলে। তিনি স্থানীয় বুধল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় অবস্থিত প্রত্যাশা মাদক নিরাময় কেন্দ্র থেকে সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে সোহেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হয়ে পড়ায় সোহেলকে সুস্থ করার জন্য পরিবারের লোকজন ওই মাদক নিরাময়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন। পরে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রের লোকজন বাড়ি থেকে তাঁকে কেন্দ্রে নিয়ে আসেন। গত সোমবার সন্ধ্যায় কেন্দ্রের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষের বিছানা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
বুধল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও সোহেলের চাচাতো ভাই ফরিদ মিয়া অভিযোগ করেন, মাদক নিরাময়কেন্দ্রের লোকজন নির্যাতন করে সোহেলকে হত্যা করেছেন। কারণ, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। তিনি আরও বলেন, তাঁর ডান হাতের কবজিতে রক্তাক্ত জখম রয়েছে।
সোহেলকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করে প্রত্যাশা মাদক নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ দাবি করেছে, সোহেল আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
প্রত্যাশা মাদক নিরাময় কেন্দ্রের মালিক জামাল মিয়া ওই যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সোহেল মাদকাসক্ত ছিল বলে পরিবারের লোকজন আমাদের এখানে নিয়ে আসতে বলে। তাই গত রোববার তাকে বাড়ি থেকে এখানে নিয়ে আসা হয়। পরে এখানে এসে সে আত্মহত্যা করেছে।’
লাশ উদ্ধারকারী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, সোহেলের লাশ ওই কেন্দ্রের একটি কক্ষের বিছানার ওপর থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো মামলা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।