মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু মালিকের পলায়ন
কিশোরগঞ্জ শহরের হয়বতনগর ফিসারী সড়কের বাঘাবাড়ির মোড়ে অবস্থিত শেকড় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গত বৃহস্পতিবার মো. পারভেজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পারভেজের লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে রেখে নিরাময় কেন্দ্রের মালিক গা ঢাকা দিয়েছেন।খবর পেয়ে পারভেজের পরিবারের লোকজন ওই রাতে হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্ত করার দাবি তোলেন। তাঁদের অভিযোগ, নিরাময় কেন্দ্রে অপচিকিৎসায় পারভেজের মৃত্যু হয়েছে। পারভেজ সদর উপজেলার করমুলী গ্রামের মো. আজিজুল হকের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, পারভেজ দীর্ঘদিন মাদক ব্যবহার করায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। ১৫ দিন আগে প্রতি মাসে ছয় হাজার টাকা করে দেওয়ার শর্তে তাঁর পরিবার তাঁকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করান। এরপর নিরাময় কেন্দ্রের মালিক আসাদুজ্জামান এক মাস আগে পারভেজের সঙ্গে দেখা না করতে তাঁর বাবাকে পরামর্শ দেন। বুধবার নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে পারভেজ বাড়িতে চলে যান। খোঁজ পেয়ে আসাদুজ্জামান বৃহস্পতিবার দুপুরে পারভেজকে বাড়ি থেকে ধরে নিরাময় কেন্দ্রে নিয়ে যান। এরপর তাঁকে বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেন্দ্রেই পারভেজ মারা যান। পরে তাঁর লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে রেখে পালিয়ে যান আসাদুজ্জামান। খবর পেয়ে মো. আজিজুল হক ও তাঁর আত্মীয়স্বজন হাসপাতালে যান। রাতে আজিজুল হক সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন এবং লাশের ময়নাতদন্তের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার ওই হাসপাতালে পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়। কিশোরগঞ্জের সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান জানান, শেকড় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নামে কোনো চিকিৎসা কেন্দ্রের সরকারি অনুমোদন ছিল না।