মাদকদ্রব্যের ব্যবহার নির্মূল করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনার জন্য নগরের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভায় মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ নির্দেশনা দেন।
সভায় গত এপ্রিল মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার ও ভালো কাজের জন্য প্রতিটি বিভাগের বিভিন্ন স্তরের ৩৮ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাইনুল হাসান প্রমুখ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সভায় সেরা উপকমিশনার হিসেবে পুরস্কার পান নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) আসিফ মহিউদ্দিন, সেরা ওসি নির্বাচিত হন চান্দগাঁও থানার ওসি সৈয়দ শাহজাহান কবির ও পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ। সেরা থানা নির্বাচিত হয় চান্দগাঁও থানা।