মাদক নির্মূলে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা সাংসদের
এলাকা থেকে মাদক, জুয়া ও দাঙ্গা নির্মূল করতে না পারলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ ফয়জুর রহমান।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রথমবারের মতো নির্বাচিত সাংসদ ফয়জুর রহমান এ ঘোষণা দেন।
প্রথমবারের মতো ফয়জুর রহমান প্রশাসনের উদ্দেশে বলেন, ‘নবীনগর থেকে মাদক, জুয়া ও দাঙ্গা নির্মূলে প্রশাসনকে যেকোনো মূল্যে সফল হতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন অবহেলা কিংবা গাফিলতি দেখালে, আমি প্রথমে জেলা প্রশাসনের কাছে যাব। জেলা প্রশাসন ব্যর্থ হলে, মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব। কিন্তু এরপরও “ওস্তাদ আলাউদ্দিন পল্লি”খ্যাত নবীনগরকে মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত করতে না পারলে এমপিগিরিই ছেড়ে দেব।’
তবে এসবের সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাঁদেরকে সবার আগে গ্রেপ্তারের কঠোর নির্দেশ দেন এই সাংসদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহাজোটের সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী প্রমুখ।