মাদক নির্মূলে মতবিনিময় সভা
‘চল—মাদক, সন্ত্রাস ও নাশকতামুক্ত সমাজ গড়ি’ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার নোয়াখালীর বেগমগঞ্জে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমানের সঙ্গে স্থানীয় বাসিন্দারা মতবিনিময় করেছেন।‘একলাশপুর ইউনিয়ন নাগরিক কমিটি’ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এই মতবিনিময় সভার আয়োজন করে।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহামঞ্চদ উল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুজ্জামান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন। একলাশপুর এলাকায় মাদকের ভয়াবহতা তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক কাজী মো. রফিকউল্যা, সংবাদপত্র পরিবেশক শহিদুর রহমান।বক্তারা একলাশপুর থেকে মাদক, সন্ত্রাস ও নাশকতা নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর পদক্ষেপ নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান। এ সময় এলাকাবাসী মাদক প্রতিরোধে প্রশাসনের সঙ্গে একত্রে কাজ করবেন বলে হাত তুলে প্রতিশ্রুতি দেন। পুলিশ সুপার মো. আনিসুর রহমান মাদক, সন্ত্রাস ও নাশকতা নির্মূলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।