মাদক নির্মূলে মন্ত্রীর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর থেকে মাদক নির্মূলের লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে শপথ করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত সবাইকে মন্ত্রী এ শপথ করান।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ওই সভা হয়। জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল এতে সভাপতিত্ব করেন। সভায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে রচনা প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। এতে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। মাদকসহ ধরা পড়লে আমাদের কিছু দলীয় নেতা-কর্মী তাদের ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েন।’ এ জন্য তিনি থানার ওসিদের এসব তদবিরকারী নেতা-কর্মীকে না ছাড়তে নির্দেশ প্রদান করেন।
এ সময় মাদকের ভয়াবহতা নিয়ে চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান প্রমুখ বক্তব্য দেন।