মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জুন প্রথম আলোতে প্রকাশিত ‘মন্ত্রণালয়কে পাত্তা দিচ্ছে না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালকের পাঠানো প্রতিবাদে বলা হয়, প্রকাশিত সংবাদটি বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা নিয়েই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়। মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চিঠিপত্রের জবাব যথাসময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্বসহকারে দেওয়া হচ্ছে। অধিদপ্তরের বদলির বিষয়টি প্রশাসনিক কারণে জনস্বার্থে করা হয় এবং এটি নিয়মিত কাজ। সংবাদে মিথ্যা বিষয় জড়িয়ে মর্যাদাহানিকর কথা লিখে মহাপরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের হেয় করা হয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবাদে আরও বলা হয়, অধিদপ্তরের কর্মকর্তারা যথারীতি মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন এবং মামলার তদন্তকাজ অব্যাহত রেখেছেন। অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান এবং মামলার সংখ্যা বিবেচনায় বিগত বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি। সংবাদে মাদক ব্যবসায়ীদের তালিকা-সংক্রান্ত যে তথ্য উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। এতে বলা হয়, মাদক ব্যবসায়ীরা সব সময় তাঁদের ছদ্মনাম, একাধিক নামের পাশাপাশি ভুয়া ঠিকানা ব্যবহার করেন। তা ছাড়া তালিকার বিষয়টিও চলমান প্রক্রিয়া। একটি সংশোধিত তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেরপুর, দিনাজপুর ও মানিকগঞ্জ জেলার মাদক ব্যবসায়ীদের তালিকা চাওয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হলেও তা সঠিক নয় বলা দাবি করা হয়। এতে আরও বলা হয়, মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য অধিদপ্তর বিভিন্ন দল গঠন করেছে, এসব দল নিয়মিত অভিযান করছে।

প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত খবরে কোনো মনগড়া তথ্য উল্লেখ করা হয়নি। সরকারি নথিপত্রে উল্লেখ করা তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে মহাপরিচালকের বক্তব্য রয়েছে, যেখানে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।