মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া কম দেওয়ার প্রতিবাদ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অটোরিকশাচালককে মারধর করেছেন। শুধু তা-ই নয়, গাঁজা বহনের অভিযোগ এনে তাঁকে পুলিশে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার হবিগঞ্জে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতি হবিগঞ্জ সদর মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঘেরাও করে রাখে। পরে পুলিশ চালককে ছেড়ে দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদ উল্লাহ দুই সঙ্গীসহ বুধবার বিকেলে বানিয়াচং উপজেলা সদর থেকে জেলা সদরে আসার জন্য একটি অটোরিকশা ২৫০ টাকায় ভাড়া করেন। কিন্তু তিনি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে এসে চালককে ১০০ টাকা দিলে চালক কাওসার মিয়া আপত্তি জানান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অটোরিকশাসহ চালককে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। খবর পেয়ে জেলা অটোরিকশা মালিক সমিতি রাতেই মডেল থানায় লিখিত অভিযোগ দেয়। এর পরই রাত তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কাওসার মিয়ার কাছে মাদক পাওয়া গেছে—এমন অভিযোগ এনে কিছু গাঁজাসহ চালককে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন।এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হবিগঞ্জ অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতি শহরের প্রধান রাস্তা অবরোধ এবং থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ও ঘেরাও করে রাখে। পরে পুলিশ কাওসার মিয়াকে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেয় মালিক ও শ্রমিক সমিতি।অভিযুক্ত এমদাদ উল্লাহ বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলব না। যা বলার সহকারী পুলিশ সুপার বলবেন।’ সহকারী পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে অটোরিকশার চালককে ছেড়ে দেওয়া হয়েছে।