মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো জেলার চেয়ে ভালো। কিন্তু মাদক ও মাদকাসক্তদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। স্কুল-কলেজে পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়েছে। তা ছাড়া জেলার কয়েকটি উপজেলায় জুয়া খেলাও বেড়ে গেছে। বিশেষ করে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার কয়েকটি স্থানে জুয়া খেলা চলছে জমজমাটভাবে। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটবে। গতকাল রোববার কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ সরকারি কৌঁসুলি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য দেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাসসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনও, রাজনীতিবিদ ও কমিটির সদস্যরা। এম এ আফজলের বক্তব্যের সঙ্গে অধিকাংশ বক্তা একমত প্রকাশ করেন।জানা গেছে, কিশোরগঞ্জ শহর, শহরতলি ও আশপাশের এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বেড়ে গেছে। প্রতিদিন শহর ও শহরতলিতে গোপনে দেদার মাদক কেনাবেচা হচ্ছে। সন্ধ্যার পর শহরের অলিগলিতে গিয়ে আসক্তদের মাদক নিতে দেখা যায়।একাধিক সূত্র জানায়, শহরের কানিকাটা রেলক্রসিং, কলাপাড়া মোড়, বত্রিশ জেলা সরণি সড়ক, গাইটাল বাসস্ট্যান্ড, মনিপুরঘাট, হারুয়া, হয়বতনগর, কাতিয়ারচর, মারিয়া, বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যার পর গিয়ে দেখা গেছে, মাদক ব্যবসায়ীরা নিজস্ব লোকজনকে দিয়ে ভ্রাম্যমাণ ব্যবসা পরিচালনা করছে। কেউ কেউ পকেটে গাঁজার পুরিয়া ও চাহিদা অনুযায়ী মাদকসেবীদের ফেনসিডিল, হেরোইন ও চোলাই মদ সরবরাহ করছে। শহরের বড় বড় স্থাপনা—পুরাতন স্টেডিয়াম, নবনির্মিত সৈয়দ নজরুল স্টেডিয়াম, সরকারি গুরুদয়াল কলেজের মাঠ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উকিলপাড়া টেম্পোস্ট্যান্ড, নীলগঞ্জ চৌরাস্তার মোড়, কলেজ ক্যানটিনের পেছনে, ডিএল লাহিড়ী পাঠশালা, বত্রিশ, হারুয়া এলাকায় ছাত্রদের একাধিক মেসে মাদকাসক্তরা মাদক নিয়ে থাকে। এসব এলাকায় প্রতিদিনই মাদকাসক্তদের আড্ডা বসে। গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের আহম্মদ হোসেনসহ শিক্ষার্থীরা জানান, মেসসহ অন্যান্য ভাড়াবাসায় প্রতিদিনই সন্ধ্যার পর মাদকাসক্তরা ছাত্রদের উৎপাত করে। কিছু বললে তারা অসদাচরণ করে। এই এলাকায় গাঁজাখোরদের সংখ্যা সবচেয়ে বেশি বলে তিনি জানান। কম পয়সা এবং সহজলভ্য উপায়ে গাঁজা জোগাড় করা যায় বলে এই এলাকায় গাঁজাখোরদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। পুলিশ সুপার মীর রেজাউল আলম বক্তব্য দিতে গিয়ে বলেন, সংঘবদ্ধ জুয়ার আসর জেলায় নেই বললেই চলে। তবে বিচ্ছিন্ন কিছু জুয়ার আসরের অভিযোগ রয়েছে। মাদকের বিষয়ে সূচি মোতাবেক প্রতিদিন অভিযান চলছে। মাদক ও জুয়া সহনশীল মাত্রায় রয়েছে বলে তিনি সভার সদস্যদের আশ্বস্ত করেন।