মাদক নিয়ন্ত্রণের অভিযানে বিজিবির হামলা, আহত ১
রাজশাহীতে গতকাল বুধবার অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকজন সদস্য হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এতে গুরুতর আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালক মমদেল হোসেনকে (৪৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে অধিদপ্তরের উপপরিদর্শক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চলছিল৷ কর্মকর্তা ও কর্মচারীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন। সকাল আটটার দিকে তাঁরা একটি বাস তল্লাশির সময় বিজিবির একটি গাড়িবহর চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল৷ ওই বহরের আগে একটি ট্রাক যাচ্ছিল। কাশিয়াডাঙ্গা মোড়ে গিয়ে ট্রাকটি গতি কমিয়ে দেয়৷ বিজিবির গাড়িবহর পার হতে না পেরে রাস্তার পার্শ্বে নেমে পড়ে। মাদকদ্রব্যবিরোধী অভিযানের কারণে এমনটি ঘটেছে মনে করে বিজিবি সদস্যরা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ শুরু করেন৷ পরিচয় দেওয়ার পরও তাঁরা ক্ষান্ত না দিয়ে পুলিশ ছাড়াই অভিযান চালানোর অভিযোগে তাঁদের মারধর শুরু করেন। হামলার মুখে সব কর্মকর্তা ও কর্মচারী পালিয়ে যান৷ কিন্তু গাড়িচালক গাড়ি ফেলে পালাতে পারেননি৷ বিজিবি সদস্যরা তাঁকে বেধড়ক পেটান এবং তাঁর পরিচয়পত্র ও মুঠোফোন কেড়ে নেন। গুরুতর অবস্থায় মমদেল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়৷ চিকিৎসাধীন গাড়িচালক মমদেল হোসেনের বাড়ি রংপুর৷
৩৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আনোয়ার আলম বলেন, ভুল-বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে৷ তবে পরে বিষয়টি মিটেও গেছে৷