মাদক নিয়ন্ত্রণের পরিদর্শকসহ গ্রেপ্তার ২
বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদক বিক্রেতার কাছ থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফেনসিডিল ও ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন বরগুনা ও পটুয়াখালী জেলার দায়িত্বপ্রাপ্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমান মিল্টন (৩৯) ও চিংড়িঘের ব্যবসায়ী শেখ আসাদুজ্জামান লিটন (৪০)। লিটনের বাড়ি মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রামে।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমান আলী জানান, মিল্টন ও লিটন রোববার রাতে উপজেলার কাঁঠালতলায় মাদক বিক্রেতা মন্টু মিয়ার বাড়িতে যান। মিল্টন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে মন্টু মিয়ার হাতে হাতকড়া লাগিয়ে দেন। পরে মন্টু মিয়া পাঁচ বোতল ফেনসিডিল ও ১০ হাজার টাকা চাঁদা দিয়ে ছাড়া পান।বিষয়টি জানাজানি হয়ে গেলে বাগেরহাটের পুলিশ সুপার অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে।