মাদক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার দেবে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন। ২০০৯ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনগুলো থেকে বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিনটি পুরস্কার দেওয়া হবে। গতকাল রোববার প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন উপদেষ্টা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়।সভায় প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের বিগত সময়ের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন পেশ করা হয়। বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সভায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এগুলোর মধ্যে রয়েছে পোস্টার, স্টিকার, প্রচারপত্র (লিফলেট), পুস্তিকা প্রকাশ এবং বিলি, সচেতনতামূলক বিজ্ঞাপন তৈরি, মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে বির্তক প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি। এ ছাড়া আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মুক্ত সংলাপ ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা, মাদকের ভয়াবহতা নিয়ে ভিডিওচিত্র নির্মাণ ও তা প্রচারের ব্যবস্থা, ঢাকা ও ঢাকার বাইরে পরামর্শ সহায়তা, রেডিওতে মাদকাসক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরের ব্যবস্থা করা, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাদক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত হয় সভায়।সভায় সর্বসম্মতিক্রমে মাদকাসক্ত ছিন্নমূল শিশুদের সহায়তার লক্ষ্যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র ‘আপন’কে সহযোগিতা দেওয়ার কথা বলা হয়। সভায় উপদেষ্টা কমিটির সদস্য মুহাম্মদ আজিজ খান, ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, ফেরদৌস আহমেদ, অপি করিম, বিপ্লব, আনিসুল হক, আবদুন নূর তুষার, মোহিত কামাল, মতিউর রহমান, খালেদা আক্তার, আহমেদ হেলাল উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আব্দুল কাইয়ুম, সাইদুজ্জামান রওশন, কবির বকুল, সাইফুল আজিম, ফেরদৌস ফয়সাল, আজিজা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।