মাদক নিয়ে উদ্বেগ, পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার প্রায় সব জায়গাতেই মাদক পাওয়া যায়৷ এ কারণে স্কুল-কলেজের ছাত্ররাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে৷ প্রায় ৭০ থেকে ৮০টি স্থানে মাদক বেচাকেনা হয়৷ গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর থানা প্রঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তারা এ তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ পাশাপাশি তাঁরা মাদক স্পট থেকে ঘুষ আদায়সহ পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করেন৷
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, এমন কোনো এলাকা নেই, যেখানে মাদক বেচাকেনা হয় না৷ কিন্তু এ ব্যাপারে পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন বলেন, কালিয়াকৈর বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী অনেক দিন হলো অপহৃত হয়েছে। ওই ছাত্রীর মা থানায় অভিযোগও দিয়েছেন। কিন্তু পুলিশ আসািমদের গ্রেপ্তার এবং ছাত্রীকে উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সাংবাদিক মাহবুব হাসান মেহেদী বলেন, পুলিশ সাধারণ মানুষের কথা শোনে না৷ থানার জরুির নম্বরে ফোন করলে কেউ ফোন ধরে না৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়, এএসপি মনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, সাংবাদিক সরকার আবদুল আলীম, অপূর্ব রায় প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম৷
মেয়র মজিবুর রহমান বলেন, পুলিশকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে এবং সাধারণ মানুষেরও উচিত পুলিশকে সহায়তা করা। এ ছাড়া সবাইকে আইন মেনে চলার মানসিকতা তৈরি করতে হবে।
ওসি ওমর ফারুক বলেন, এলাকার মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে৷ প্রায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে৷ ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, কালিয়াকৈর থানায় একটি অভিযোগ বক্স দেওয়া হবে৷ বক্সে জমা হওয়া অভিযোগগুলো দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷