মাদক নিয়ে দুশ্চিন্তায় বছিলাবাসী
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় এখনো পুরোদস্তুর শহুরে ছোঁয়া লাগেনি। এদিক-ওদিক নতুন নতুন ভবন উঠলেও এলাকাটিতে এখনো আত্মীয়স্বজনেরাই থাকেন মিলেমিশে। তবে হৃদ্যতাপূর্ণ এই পরিবেশে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক।
স্থানীয় লোকজন বলছেন, গুটি কয়েক মানুষের অর্থের লিপ্সাই পুরো এলাকার তরুণদের মাদকাসক্ত করে তুলছে। যুবকদের পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও সেবন করছে মাদক। তাঁদের অভিযোগ, পুলিশ মাঝেমধ্যে মাদকবিরোধী অভিযান চালায়। কিছু লোককে আটক করে। কিন্তু কয়েক দিন পরে তারা ছাড়া পেয়ে আবারও সেই ব্যবসা শুরু করে।
গত শুক্রবার বছিলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা হলে মাদক হিসেবে ইয়াবার বিস্তারকেই তাঁরা অন্যতম সমস্যা হিসেবে তুলে ধরেন।
মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী সেতুর (বছিলা ব্রিজ নামেই বেশি পরিচিত) নিচের এলাকাটিই বছিলা। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বছিলায় নিবন্ধিত ভোটার রয়েছেন প্রায় সাড়ে চার হাজার। আর বাস করেন ১৫ হাজারের বেশি লোক।
নাম প্রকাশ না করার শর্তে একজন দোকানদার বলেন, এলাকায় অনেক বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। এসব ভবনে মাদকসেবীরা আড্ডা বসায়। এ ছাড়া নদীর পাড়ের দিকের ফাঁকা এলাকায় দিনের বেলায় মাদক নিতে দেখা যায়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরপাড়া, মধ্যপাড়া, বছিলা সরকারি উচ্চবিদ্যালয়ের পেছনে, লঞ্চ টার্মিনাল, বিংকু ব্যাপারী মসজিদ রোড, দক্ষিণপাড়া এবং বছিলা ব্রিজের নিচে বিক্রি হয় ইয়াবা। এমনকি চাইলে ক্রেতা ঘরে বসেই পেয়ে যায় মাদক। ইয়াবা বিক্রেতারা মাদকসেবীদের চাহিদামতো ঘরেও পৌঁছে দেয় ইয়াবা।
মধ্যপাড়ার বাসিন্দা এক অভিভাবক বলেন, ‘স্কুলের উঠতি বয়সী ছেলেরাও ইদানীং ইয়াবা কিনছে বলে শুনেছি। আমার নিজের ছেলেও স্কুলে যায়। সারাক্ষণ ভয়ে থাকি কখন কী করে সে। এই সমস্যার সমাধান হওয়া উচিত।’
ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, কিছুদিন আগেও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে। আগের তুলনায় সমস্যা অনেকটা কমেছে। পুলিশ আরেকটু তৎপর হলে মাদকের সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।
এলাকাবাসী নিজেরা উদ্যোগী হয়ে চিহ্নিত ১৫ মাদক বিক্রেতার একটি তালিকা তৈরি করেছেন। তাঁরা এই তালিকা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের কাছে পৌঁছে দিয়েছেন। গত মাসে এলাকাবাসী উদ্যোগী হয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলে, বছিলা এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতা যেমন আছে, মাদকের সহজলভ্যতাও এর জন্য দায়ী। পুলিশ মাদক বিক্রেতাদের ধরে নিয়ে গেলেও কয়েক দিন পরেই তারা এলাকায় ফিরে আসে।
জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামালউদ্দিন মীর প্রথম আলোকে বলেন, ‘আগে এখানে কেবল স্থানীয়রা থাকতেন। কিন্তু এখন এলাকাটিতে বাইরের লোকজনের আনাগোনা বাড়ছে। এর সঙ্গে মাদকের অভিযোগও বাড়ছে। কিছুদিন আগেও আমরা অভিযান পরিচালনা করেছি। স্থানীয় লোকদের বলে এসেছি মাদক বিক্রেতাদের নাম গোপনে হলেও আমাদের জানাতে। কিন্তু তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’