বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক গতকাল সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার বন্ধে নাসাকার সহযোগিতা চেয়েছে বিজিবি।বৈঠকে নাসাকার নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের ৩ নম্বর সেক্টরের কমান্ডার থেন থিক অং। ১২ সদস্যের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দলের নেতৃত্ব দেন কক্সবাজারের ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান। মো. খালেকুজ্জামান পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সীমানা রয়েছে ২১৭ কিলোমিটার। এর মধ্যে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে প্রায় ২৩ কিলোমিটার। এই সীমান্তে মিয়ানমারের কাঁটাতারের বেড়া নির্মাণ, মিয়ানমার থেকে চোরাই পথে ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার, চোরাচালান প্রতিরোধ, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্তসংক্রান্ত সব ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতি মাসে একবার সৌজন্য সাক্ষাৎ, নতুন পিলার নির্মাণের কারণে সৃষ্ট জমিসংক্রান্ত সমস্যা সমাধানে মিয়ানমার ও বাংলাদেশের যৌথ জরিপ দল বৈঠক করে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া উভয় দেশের ভ্রাতৃত্ববোধ, পরস্পরের মধ্যে আস্থা ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্যে বিজিবি-নাসাকার মধ্যে প্রীতি খেলাধুলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।