মাদক পাচার হয় প্রতিরোধকারী সংস্থার লোকদের যোগসাজশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেনগুলো দিয়ে মাদক পাচার হয় প্রতিরোধকারী সংস্থা ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে। ট্রেনে চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলোর অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়মিত অভিযান চালানোসহ যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে সচেতনতা।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে রেলওয়ের ঢাকা বিভাগ আয়োজিত ‘রেলরুটে মাদক পাচার প্রতিরোধ’বিষয়ক এক পরামর্শ সভা থেকে ওই অভিযোগ ও পরামর্শ উঠে আসে।পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আখাউড়া রেলওয়ে জংশনের ভিআইপি যাত্রী বিশ্রামাগারে গতকাল রোববার দুপুরে ওই সভা হয়। চোরাচালান প্রতিরোধে আখাউড়ার বিভিন্ন পেশার লোকজনের কাছ থেকে এই প্রথম রেলওয়ে কর্তৃপক্ষ পরামর্শ নিতে সভা করেছে। সভায় উপজেলার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত সুধীজন বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের ট্রেনগুলো দিয়ে মাদক পাচার হয় রেলওয়ে পুলিশসহ (জিআরপি) কয়েকটি প্রতিরোধকারী সংস্থা এবং রেলওয়ের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে। এঁদের সঙ্গে চোরাকারবারীদের সাপ্তাহিক চুক্তিও রয়েছে। সভায় চোরাচালানের পাশাপাশি ট্রেনে পকেটমারদের উপদ্রব, অজ্ঞান পার্টির অপতৎপরতা এবং আখাউড়া রেলওয়ে জংশনের কর্মকর্তা-কর্মচারীদের পরিত্যক্ত বাসভবনগুলোতে অবৈধভাবে বসবাস ও সেখানে মাদকের বিক্রি, মজুদসহ অসামাজিক কার্যকলাপের বিষয়টিও তুলে ধরা হয়।একই সঙ্গে রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমের সৌন্দর্য নষ্ট করে দোকান বসানোর অনুমতির সমালোচনা করা হয়।সভায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল গাফ্ফার খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন, উপজেলা নাগরিক অধিকার, উন্নয়ন কমিটির সধারণ সম্পাদক এস এম শাহজাদা খাদেম প্রমুখ। সভা শেষে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেনে চোরাচালানে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলোর বিষয়েও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, জিআরপির বিরুদ্ধে ওই সভায় যে অভিযোগ তোলা হয়েছে তা ঠিক নয়। রেলওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে। তিনি দাবি করেন, রেলরুটে চোরাচালান প্রতিরোধ পুলিশের একার পক্ষে সম্ভব নয়।