মাদক পাচারে শিশুদের ব্যবহার
ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মাদক আনা-নেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হচ্ছে। বেনাপোল থেকে দেশের বিভিন্ন স্থানে এসব মাদক পৌঁছে দিতেও ব্যবহার করা হচ্ছে শিশুদের। যশোর ও বেনাপোলের অন্তত ১০ জন মাদক ব্যবসায়ী এ কাজে শিশুদের ব্যবহার করছেন। এই ব্যবসায়ীদের অনেকে পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সোর্স হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। মাদক পাচারের অভিযোগে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক থাকা ছয় শিশুর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব ও বিডিআরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিশুদের দেওয়া তথ্যের সত্যতা মিলেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, সীমান্তে মাদক পাচারের জন্য ৪০ থেকে ৫০টি, ভবেরবেড় রেলস্টেশন থেকে যশোর জংশনে মাদক পৌঁছে দেওয়ার কাজে ১৫ থেকে ২০ এবং যশোর থেকে শরীয়তপুর ও কুষ্টিয়ায় নেওয়ার জন্য ২০ থেকে ৩০টি শিশুকে ব্যবহার করা হচ্ছে। এরপর এসব মাদক দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা মামুন শেখ (১৪) জানায়, বছরখানেক আগে বেনাপোল বন্দর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে প্রায় দুই বছর সে ভারতের বনগাঁ জেলার কায়ানি সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের কাজ করত। চোরাকারবারি দলের সঙ্গে সন্ধ্যার দিকে সিগারেটের কার্টন নিয়ে ওপারে যেত মামুন। গভীর রাতে ওপার থেকে ফেনসিডিলের প্যাকেট নিয়ে ভবেরবেড় স্টেশনে ফিরত। বেনাপোলের মাদক ব্যবসায়ী বলে পরিচিত মণ্ডলের হয়ে কাজ করত সে। মামুন আরও জানায়, সে ২০ থেকে ২৫ জনের একটি দলের সঙ্গে কাজ করত। ওই দলে তার বয়সী চার থেকে পাঁচটি শিশু ছিল। প্রতি রাতে আট থেকে ১০টি দল চোরাচালানের কাজ করত। মামুনের ভাষ্যমতে, প্রতি প্যাকেট ফেনসিডিলের জন্য স্থানীয় বিডিআর ক্যাম্পে ১০০ টাকা ও বেনাপোল থানার পুলিশকে বোতলপ্রতি পাঁচ টাকা করে দিতে হতো। পুলিশের হয়ে টাকা তুলতেন ভবেরবেড় গ্রামের মাদক ব্যবসায়ী বলে পরিচিত মোহাম্মদ আলী। তিনি অবশ্য মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেন। মোহাম্মদ আলী জানান, র্যাব, পুলিশ ও বিডিআরের সোর্স হিসেবে কাজ করাই তাঁর কাজ। তিনি দাবি করেন, বেনাপোলের তালসারি গ্রামের চাঁদ আলীসহ তাঁরা আট থেকে ১০ জন পুলিশ, বিডিআর ও র্যাবের সোর্স হিসেবে কাজ করছেন। কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা শুকুর আলী (১৪) জানায়, সে বেনাপোলের মাসুদ মহাজনের কাছ থেকে ফেনসিডিল নিয়ে যশোর শহরের রায়পাড়ায় দুই ব্যক্তির কাছে দিত। প্রতি বোতলের জন্য সে পেত ১০ টাকা। পরে সে নিজেই এ ব্যবসা শুরু করে। শুকুরের ভাষ্যমতে, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে ফেনসিডিলের বোতলপ্রতি পাঁচ টাকা করে দিতে হতো। বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, দুই দেশের মাদক ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ রয়েছে। নোম্যান্স ল্যান্ডের আশপাশে সব সময় ২০ থেকে ৩০টি শিশু ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে ৫০০ থেকে এক হাজার টাকার বিনিময়ে ওই শিশুদের মাধ্যমে ব্যবসায়ীরা মাদকের প্যাকেট এপার-ওপারে পৌঁছে দেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে ওসি জানান, মোহাম্মদ আলী পুলিশ ও বিডিআরের সোর্স এবং মণ্ডল র্যাব-৬-এর সোর্স হিসেবে কাজ করেন। তবে তাঁরা মাদক ব্যবসায় জড়িত কি না, তা জানেন না। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার তারিক আজিজ প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী, মণ্ডল, লেলিন, বাদশা, চাঁদ আলী ছাড়াও ভবেরবেড় রেলস্টেশন এলাকার কয়েকজন নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা কেউই র্যাবের সোর্স নন। তিনি জানান, এই ব্যবসায়ীরা শিশুদের মাদক পাচারের জন্য ব্যবহার করছেন। জিআরপি খুলনার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। ২২ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হাসিব আলম প্রথম আলোকে বলেন, ‘বিডিআর সদস্যরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় এ রকম খবর আমিও শুনি। ধরার জন্য আমি তাদের পিছু পিছু দৌড়ে বেড়াই। কিন্তু কে নেয় তা আর জানতে পারি না। প্রত্যেক সভায় সবাইকে সতর্ক করে দেওয়া হয়।’ যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক থাকা অন্য চারজন হলো: কুষ্টিয়া শহরের শুকনগর এলাকার শাহদাত হোসেন মণ্ডল (১৬), যশোরের চৌগাছা উপজেলার রমজান আলী (১৪), সদর উপজেলার রূপদিয়া গ্রামের মামুন (১৫) ও নীলফামারী জেলার বাবু (১৪)। বেনাপোলে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাদক পাচারে শিশুদের ব্যবহার রোধে অভিভাবক ও নতুন প্রজন্মকে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। এ লক্ষ্যে স্কুল-কলেজে মাদকবিরোধী কমিটি গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।