মাদক পাচারের এত কৌশল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় আকারের একটি মিষ্টি কুমড়া। ওপরের অংশ গোল করে কাটা হয়েছে। সেই গোলাকৃতি অংশ খালি করে সেখানে রাখা হয়েছে ফেনসিডিলের বোতল। এক-দুটি নয়, ১৫টি ফেনসিডিলের বোতল রাখ হয়েছে কুমড়ার ভেতর। এরপর বাজারের ব্যাগে করে এগুলো পাচার করা হয়। অভিনব কায়দায় মাদক পাচারের এই কৌশলসহ বাস্তবে প্রয়োগ করা আরও নানা কৌশল বিডিআর সদস্যরা গতকাল বুধবার কুমিল্লায় এক প্রদর্শনীতে তুলে ধরেন। প্রদর্শনীতে দেখানো হয়, কলসির ভেতর তরল ফেনসিডিল নিয়ে কীভাবে মহিলারা পাচার করে। দেখানো হয়, বোরকায় ফিটিং করা ফেনসিডিল বোতলের কৌশল। মিষ্টির প্যাকেটের ভেতর গাঁজা রাখার কৌশলও দেখানো হয়। ব্রিফকেসের ভেতর সাজানো ফেনসিডিলের বোতল, আরসি কোলার বোতলে রাখা ফেনসিডিল, তোশকের ভেতর সাজানো গাঁজা আর সিএনজিচালিত অটোরিকশার নিচে নেট (জাল) দিয়ে ফেনসিডিল রাখার কৌশল। এ রকম নানা কৌশলের আশ্রয় নিয়ে চোরাকারবারিরা কুমিল্লার ১২৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার করছে বলে বিডিআর জানায়। বিডিআরের ৩৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকা থেকে এ রকম অভিনব কায়দায় পাচার করা মাদকদ্রব্য আটক করেন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ীতে গতকাল বুধবার বিডিআরের প্রশিক্ষণ মাঠে এসব প্রদর্শনী উপস্থিত সুধীমহলের জন্য উন্মুক্ত রাখা হয়। এ ব্যাপারে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের মেজর মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘বিডিআর সদস্যরা বিভিন্ন সময় মাদকদ্রব্য আটক করতে গিয়ে এ ধরনের কৌশল সম্পর্কে জানতে পেরেছেন।’সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং কুমিল্লা অঞ্চলের জিওসি মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, বিডিআরের কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী-বার্ডের মহাপরিচালক মো. আতাউর রহমান, জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ আতাউর রহমান প্রদর্শনী ঘুরে দেখেছেন। এ সময় ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।এদিকে গতকাল কোটবাড়ীতে অবস্থিত ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠের পাশে রোলার ও আগুন লাগিয়ে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩২ কোটি টাকা।