খাগড়াছড়ির রামগড় সীমান্তে মাদক পাচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চোরাকারবারিরা রামগড় ও রামগড় লাগোয়া ভুজপুর সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করছে। সম্প্রতি বেশ কটি মাদকের চালান আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন চোরাকারবারিকে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস বলেন, রামগড় সীমান্তে মাদক পাচারের খবর সঠিক। ভারত-বাংলাদেশ সীমান্তরেখায় প্রবাহিত নদীতে জাল ফেলে মাছের পরিবর্তে এখন ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এলাকাটি মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহূত হচ্ছে। এলাকাবাসী জানায়, রামগড়-জালিয়াপাড়া-মানিকছড়ি-ফটিকছড়ি ও মাটিরাঙা-গুইমারা-মানিকছড়ি-গাড়িটানা-ফটিকছড়ি এবং রামগড়-হেঁয়াকো-গহিরা-ফটিকছড়ি ও রামগড়-হেঁয়াকো-কয়লামুখ-করেরহাট সড়কে চোরাকারবারিরা অধিকতর তৎপর। কয়েকটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে রামগড় ও ভুজপুর পাহাড়ি অঞ্চল এবং ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার সীমান্ত অঞ্চলে অবৈধ ব্যবসা চালাচ্ছে। স্থানীয় লোকজন জানান, সারা বছরই এই এলাকায় চোরাচালান হয়; তবে সাম্প্রতিক সময়ে এর মাত্রা বেড়েছে। রামগড়-১৬ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) আওতাধীন ভুজপুরের কয়লামুখ, হেঁয়াকো, আঁধারমানিক, চিকনছড়া, বড়বিল, নলুয়াচর, গার্ডের দোকান, নলুয়া চা-বাগান, যতিরচর ও বাগানবাজার সীমান্ত এবং রামগড়ের সোনাইপুল, মহামুনি, দারোগাপাড়া, ফেনীরকুল, আনন্দপাড়া, বল্টুরাম, মন্দিরঘাট ও লক্ষ্মীছড়া সীমান্ত এলাকা মাদক পাচারের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহূত হচ্ছে। সীমান্তের ওপার থেকে হেরোইন, গাঁজা, ফেনসিডিল, মদ, নেশাজাতীয় ট্যাবলেট এবং স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ এনে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস ও অটোরিকশায় করে বাইরে পাচার হয়। চোরাকারবারিদের এই মাদক ব্যবসায় রামগড় থানা পুলিশের কয়েকজন অসাধু সদস্য চাঁদার বিনিময়ে সহযোগিতা করছেন বলে স্থানীয়দের অভিযোগ।১১ এপ্রিল রামগড়-১৬ বিজিবির তৈচালা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা-সম্পর্কিত মাসিক সমন্বয় সভায়ও মাদক পাচারের বিষয়টি উঠে আসে। এতে বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী বলেন, মাদক পাচারের সঙ্গে স্থানীয় লোকজন জড়িত রয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। স্থানীয় লোকজনের সহযোগিতা ছাড়া পাচার বন্ধ সম্ভব নয়। সভায় রামগড়-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাঈম বলেন, মাদক পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের প্রতি জিরো টলারেন্স দেখানো হবে। পাচার বন্ধে বিজিবির সদস্যরা তৎপর রয়েছেন।বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি রামগড় সিনেমা হল এলাকা থেকে মোহাম্মদ আলী, আমীর হোসেন ও মোহাম্মদ ভাণ্ডারি নামের তিন পাচারকারীকে গাঁজাসহ আটক করে পুলিশে দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি রামগড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় আরও তিন পাচারকারীকে। এরা হলেন মহামুনির মো. ইলিয়াছ, ফেনীরকুলের সাহাজ উদ্দিন ও তাঁর স্ত্রী সুমনা বেগম। তাঁদের কাছ থেকে দুই বোতল হুইস্কি, ১০ বোতল ভারতীয় মদ ও পাঁচটি বিয়ারের জার উদ্ধার করা হয়। ২৬ মার্চ সিএনজিচালিত অটোরিকশায় করে রামগড় থেকে পাচারের সময় ১৬ জার ও ৯ এপ্রিল ১২ জার মদ আটক করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যায়। ১৩ এপ্রিল রামগড়ে ৫১ বোতল মদসহ বিজিবির হাতে আটক হয় বিপ্লব দে নামে এক ভারতীয় নাগরিক। ১৬ এপ্রিল দারোগাপাড়ায় উদ্ধার হয় ২০ লিটার চোলাই মদ। এ ঘটনায় পুলিশ দুই পাচারকারী সাইদুর রহমান ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। ১৯ এপ্রিল কয়লামুখ সীমান্তে বিজিবি ৭০ বোতল ফেনসিডিল এবং রামগড় সীমান্তে ৬০ বোতল ভারতীয় মদ ও ৯০ লিটার চোলাই মদ আটক করে। কিন্তু পাচারকারীদের আটক করা যায়নি।যোগাযোগ করা হলে মাদক পাচারের সঙ্গে পুলিশের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান বলেন, ‘যদি কেউ এ রকম কিছু করে থাকে তা আমার জানা নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কাউন্সিলর বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সক্রিয় নয়, রামগড়ে পুলিশের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।