মাদক পাচারের ‘সদর দরজা’
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে মাদক আসছে। এর মধ্যে উপজেলার হাড়িপুকুর এলাকাকে ব্যবসায়ীরা মাদক পাচারের প্রধান স্থান ‘সদর দরজা’ হিসেবে ব্যবহার করছেন। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের চোখ ফাঁকি দেওয়ার জন্য নারী ও শিশুদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মাদক পাঠানো হয়। বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমদাদুল হক বলেন, হাড়িপুকুর সীমান্ত একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সীমান্তের ওই এলাকা দিয়েই বেশির ভাগ মাদক দেশে আসছে। লাভজনক হওয়ায় ব্যবসায়ীরা এই সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য ঝুঁকি নিয়ে পাচার করছেন। হাকিমপুর থানা, বিজিবি ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত প্রায় সাত কিলোমিটার। এই সাত কিলোমিটারের মধ্যে হিলি, হাড়িপুকুর, নন্দিপুর ও ঘাসুড়িয়া সীমান্ত পথে মাদক পাচার করা হয়। এ ছাড়া উপজেলার উত্তর গোপালপুর, জিলাপিপট্টি, ফুটবল খেলার মাঠ, রেলওয়ে পিডব্লিউডি এলাকা, ধরন্দা, হিন্দুমিশন, নওপাড়া, নন্দিপুর, ঘাসুড়িয়া এলাকা দিয়েও মাদক পাচার করা হয়। ছড়িয়ে পড়ছে মাদক: প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রেন ও পণ্যবোঝাই ট্রাকে করে নানা কৌশলে চোরাকারবারিরা মাদক দেশের বিভিন্ন স্থানে পাঠায়। সাধারণত ট্রাকের পাটাতনের নিচে ভরে ও গাছের চারার নিচের অংশে বেঁধে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য দেশের এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা হয়। চোরাকারবারিরা হিলি থেকে বিরামপুর, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, জয়পুরহাট ও বগুড়ার বিভিন্ন সড়ক ব্যবহার করে মাদকদ্রব্য টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকায় পাঠায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মুন্সি বলেন, প্রতিদিন হিলিসহ আশপাশের সীমান্ত এলাকা দিয়ে ১৫-২০ হাজার বোতল ফেনসিডিল দেশে ঢুকছে। এ ছাড়া এ পথে ইয়াবা বড়ি ও প্যাথিডিন ইনজেকশনও পাচার করা হয়। বিজিবির কিছু সদস্যের সহায়তায় ব্যবসায়ীরা এসব পাচার করছেন। নারী ও শিশুদের ফেনসিডিলের বোতল পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে। মাদক বহনে শিশু: হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের রহিমা বেগম তাঁর মেয়ে মনোয়ারা (১০) বেগমকে কৌশলে ফেনসিডিলের বোতল পাচারের কাজে ব্যবহার করছে। শিশু মনোয়ারা বলে, ‘গত ১৫ মে ভারতীয় জিরার প্যাকেটের ভেতরে ফেনসিডিল দিয়ে বাসে করি বগড়ায় (বগুড়া) পাঠি দিলে র্যাব আমাক ধরি ফ্যালে। আমি জানতুক খালি জিরা আছে, কিন্তুক ফেনসিডিলের কথা জানতুক না।’ রহিমা বেগম দাবি করেন, ‘শুধু জিরা দিয়ে মনোয়ারাকে পাঠানো হতো।’ মনোয়ারার মতো অনেক শিশুকে তাদের অভিভাবক ও মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলসহ বিভিন্ন পণ্যদ্রব্য পাচারের কাজে ব্যবহার করছে। গত ১৮ মে ধরন্দা সীমান্ত এলাকায় গিয়ে কথা হয় হাকিমপুর পৌর শহরের চণ্ডীপুরের সুফিয়ানের (৮) সঙ্গে। সে বলে, সকাল থেকি দুইবারি আটটি জিরির প্যাকিট নি পার হয়ি আইছি। মামা (বিজিবি) এবির য্যাতি দিছে না। অনিক সুমায় ইন্ডিয়ার মহাজন জিরির প্যাকিট দিয়ে কই ওই লোকটাকে জিরিগুলো দিয়ে আই। তখন জিরির প্যাকিট ভারী নাগে (লাগে)।’ সে জানায়, তাঁর বাবা মতিয়ার অসুস্থ থাকায় তাকে এ কাজ করতে হচ্ছে। বোতলপ্রতি তাকে ২০-৩০ টাকা দেওয়া হয়। মাদক ব্যবসায়ীদের বক্তব্য: থানা, বিজিবি ও বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার চুড়িপট্টির বয়েজ উদ্দীন, নন্দিপুরের ইউনুছ, নওপাড়ার মমিন ও রাউতাড়ার রুহুলসহ স্থানীয় ২০-২৫ জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। চুড়িপট্টির বয়েজ উদ্দীন দাবি করেন, ‘আগে এই ব্যবসা করলেও এখন করি না। ঝুঁকি বেড়ে যাওয়ায় দুই-তিন মাস আগে ব্যবসা গুটিয়ে ফেলেছি। নন্দিপুরের ইউনুছ বলেন, ‘কয়েকবার ফেনসিডিলের চালান ধরা পড়ায় বসে আছি। সুযোগ এলে আবারও ব্যবসা করব।’ নওপাড়ার মমিন বলেন, ‘ফেনসিডিল ব্যবসায় এক হাজার টাকা খাটালে ৩০০ টাকার মতো লাভ পাই। এ কারণেই দুই বছর ধরে ব্যবসা করছি।’ রাউতাড়ার রুহুল বলেন, ‘সংসারে অভাব থাকায় এনজিও থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করি। এখন সংসারে অনেক সচ্ছলতা এসেছে। অনেককে টাকা দিয়েই ব্যবসা করি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক ব্যবসায়ী জানান, ভারতে গিয়ে ১০০ মিলিগ্রাম ওজনের এক বোতল ফেনসিডিল ১৫০-১৬০ টাকায় কেনা হয়। সীমান্তের এপারে ওই বোতল ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়। ঢাকায় এক বোতল ফেনসিডিল ৬০০ টাকার বেশি দাম বিক্রি হয়। বিজিবির বক্তব্য: বিজিবির হিলি সীমান্তের পাঁচটি ক্যাম্প সূত্রে জানা গেছে, ১ থেকে ১৫ মে পর্যন্ত বিজিবির সদস্যরা হিলি সীমান্ত এলাকা থেকে প্রায় পাঁচ হাজার বোতল ফেনসিডিল, ৪০ বোতল মদ ও নেশাজাতীয় ১৬ হাজার বড়ি উদ্ধার করেছেন। বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইমদাদুল হক বলেন, মাদক চোরাচালান বন্ধের জন্য বিজিবির সদস্যরা প্রায়ই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। বিজিবির সদস্যদের বিরুদ্ধে মাদক পাচারে সহায়তা করার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের বক্তব্য: হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘হাকিমপুরকে মাদকমুক্ত করতে নানা উদ্যোগ হিসেবে ইতিমধ্যে সীমান্তে যেসব শিশু চোরাচালানে জড়িয়েছে, তাদের বিদ্যালয়মুখী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদক পাচার ঠেকাতে বিভিন্ন স্থানে প্রায়ই অভিযান চালানো হচ্ছে।’