মাদক প্রতিরোধে পরিবার শিক্ষক ও ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে
শুধু আইন প্রয়োগ করে মাদকের বিস্তার বন্ধ করা সম্ভব নয়। এর অপব্যবহার বন্ধে পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মাদক প্রতিরোধে গণসচেতনতা তৈরির জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকেও সোচ্চার হতে হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বজলুর রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিস্তার বন্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া।