মাদক প্রতিরোধে টেকনাফে নামানো হচ্ছে ডগ স্কোয়াড
কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে মাদক চোরাচালান রোধে ডগ স্কোয়াড নামানো হচ্ছে। গতকাল মঙ্গলবার ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম জানান, বিজিবি পুনর্গঠনের পর এতে ডগ স্কোয়াড অন্তর্ভুক্ত করা হয়েছে। টেকনাফের জন্য তিনটি ল্যাব্রাডার জাতের কুকুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি কুকুর মারা যায়। বাকি টমি নামের কুকুরটিকে নয় মাসের প্রশিক্ষণ শেষে চোরাচালানের পণ্য, বিশেষ করে মাদক উদ্ধারে নামানো হচ্ছে। প্রশিক্ষণের পর কুকুরটি মাদক শনাক্ত করার কাজে বিশেষ পারদর্শিতা দেখিয়েছে।মেজর সামসুজ্জামান জানান, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে প্রচুরসংখ্যক ইয়াবা বড়ি বাংলাদেশে আসছে। আকৃতিতে অত্যন্ত ছোট হওয়ায় পাচারকারীরা সহজেই এসব বড়ি লুকিয়ে রাখতে পারে। টমিকে দিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে এসব মাদক উদ্ধারের চেষ্টা করা হবে। তবে শুধু একটি কুকুর দিয়ে গঠিত ডগ স্কোয়াড টেকনাফের মতো জায়গায় চোরাচালান রোধে অত্যন্ত অপ্রতুল। সে জন্য ডগ স্কোয়াডে শিগগির আরও দুটি প্রশিক্ষিত কুকুর অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।