মাদক বহনে রাজি না হওয়ায় স্ত্রীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বহনে রাজি না হওয়ায় এক ব্যবসায়ী তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে শাড়ি-গয়না রেখে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তিনি স্ত্রীকে তালাক ও গর্ভের সন্তানকে স্বীকৃতি না দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে স্বামী লিটন মিয়া অভিযোগ অস্বীকার করে মুঠোফোনের সংযোগ কেটে দিয়েছেন।
ওই নারীর পরিবার, জনপ্রতিনিধি ও আইনজীবীরা জানান, গত ২০ মে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের পোশাকশ্রমিক ওই নারীর (২৮) সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের মো. আবদুল আজিজের ছেলে লিটন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর ওই নারীকে রাধানগর গ্রামে নিয়ে আসেন লিটন। বিয়ের এক মাস পর লিটন তাঁর স্ত্রীকে এক প্যাকেট ইয়াবা দিয়ে শাশুড়ির সঙ্গে ঢাকায় যেতে বলেন। স্ত্রী মাদকের বিষয়টি বুঝতে পেরে ঢাকায় যেতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন লিটন। এভাবে প্রায় দিনেই তাঁকে মাদক নিয়ে ঢাকায় যেতে চাপ দেন। রাজি না হওয়ায় মাস খানেক আগে লিটন স্ত্রীকে পিটিয়ে স্বর্ণালংকার ও কাপড়চোপড় রেখে বাড়ি থেকে বের করে দেন।
ওই নারী বলেন, ‘দীর্ঘদিন পোশাক কারখানায় চাকরির সুবাদে ডাকঘরে কিছু টাকা জমিয়েছিলাম। গত ঈদে বাজার করতে লিটনকে ১০ হাজার টাকা দিই। ওই টাকায় তিনি ইয়াবা কিনে আনেন। তখন বুঝতে পারি লিটন মাদক ব্যবসায়ী। লিটনের পরিবারের সদস্যরা মাদক ব্যবসা ও নেশায় আসক্ত।’ ওই নারীর মা বলেন, ‘আখাউড়া থানায় মামলা করতে হবে বলে শুনেছি। কিন্তু আমাদের নিরাপত্তা দেবে কে।’
আইনজীবী জেসমিন আরা বলেন, এ ব্যাপারে নির্যাতিতাকে আইনি সহায়তা দেওয়া হবে।
যোগাযোগ করা হলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লিখিত এজাহার পেলে অবশ্যই মামলা নথিভুক্ত করা হবে। নির্যাতনের শিকার নারীকে আইনি সহায়তাসহ নিরাপত্তা দেওয়া হবে।