মাদক বহনের দায়ে দুজনের ২৫ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মাদক বহনের দায়ে দুই ব্যক্তিকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ গতকাল মঙ্গলবার এ রায় দেন।

সাজা পাওয়া দুজন হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার ফারুক হোসেন (৩৫) ও একই এলাকার মো. সাদ্দাম (২৬)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৫ মে কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাসে চাঁদপুর শহরতলির বাবুরহাট এলাকায় তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশ ফারুকের কাছে ২৬ বোতল ফেনসিডিলসহ দুই কেজি গাঁজা এবং সাদ্দামের কাছে ২৩ বোতল ফেনসিডিলসহ তিন কেজি এক শ গ্রাম গাঁজা পায়। ওই দিনই ডিবি পুলিশ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার ২০১০ সালের ২৬ জুন তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।