মাদক, বাল্যবিবাহ ও ধর্মীয় উগ্রবাদ রোধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চার উপজেলার বাইশ গ্রাম সর্দার ও সমাজপতি সমন্বয় পরিষদের সম্মেলন ১১ জানুয়ারি পটিয়ার কেলিশহরে অনুষ্ঠিত হয়েছে। উত্তর কেলিশহর সর্দারপাড়া গ্রামে অনুষ্ঠিত সম্মেলনে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলার হিন্দুধর্মাবলম্বী জেলেসম্প্রদায়ের বাইশ গ্রামের সর্দার, সমাজপতিসহ তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রবীণ ব্যক্তি দুলাল দাশ। এতে সভাপতিত্ব করেন মনিন্দ্র লাল দাশ। সম্মেলনে বক্তারা বলেন, গ্রামের প্রত্যেকের ছেলেমেয়ের লেখাপড়া নিশ্চিত করতে হবে। মাদক, বাল্যবিবাহ ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ, দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির সভাপতি কাজল চক্রবর্তী, কেলিশহর ইউনিয়ন পরিষদের সদস্য মিন্টু কুমার দে ও সাংবাদিক আবদুর রাজ্জাক। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দাশ, সহসভাপতি দিলীপ দাশ প্রমুখ।

আবুল হাসেম বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সমাজের একটি অংশকে পিছিয়ে রাখা যাবে না। এ জন্য প্রধানত দরকার শিক্ষা। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করে। সমাজ মাদকমুক্ত করতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে মনিন্দ্র লাল দাশকে সভাপতি, প্রিয়ব্রত দাশকে জ্যেষ্ঠ সহসভাপতি ও দুলাল দাশকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পাঁচ বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়।