রাজশাহীর পবা উপজেলায় গতকাল শুক্রবার সাড়ে ৫ হাজার শিক্ষার্থী বাল্যবিবাহ, মাদক ও দুর্নীতিকে লাল কার্ড দেখিয়েছে। একই দিন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়ার শেরপুরে দুর্নীতিবিরোধী শপথ, আলোচনা সভা, মানববন্ধন, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন, উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
পবায় সকালে মানববন্ধন হয়। পরে শোভাযাত্রা করে শিক্ষার্থীরা উপজেলার নওহাটা উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হয়। সেখানে আলোচনা সভায় ১১টি প্রতিষ্ঠানের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের প্রত্যেকের হাতে দুটি করে কার্ড ধরিয়ে দেওয়া হয়। একটি কার্ড ছিল ‘বাল্যবিবাহকে না’ ও আরেকটি ‘মাদককে না’। দুটি কার্ডের রংই ছিল লাল। কার্ডে শিশুর নাম, জন্মতারিখ, জন্মনিবন্ধন কার্ডের নম্বর, বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার তারিখ, মা-বাবার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শিশু ও অভিভাবকের স্বাক্ষর এবং শিক্ষক ও ইউএনওর স্বাক্ষরের জায়গা রয়েছে। কার্ডের অপর পাশে বাল্যবিবাহের পোশাক পরা একটি শিশুর ছবিতে ‘ক্রস’ ও বিদ্যালয়ের পোশাক পরা দুটি শিশুর ছবিতে ‘টিক’ চিহ্ন আছে। কার্ডে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মুঠোফোন নম্বর আছে।
কার্ড হাতে শিক্ষার্থীরা শপথ নেয় বাল্যবিবাহ করবে না। একইভাবে শিক্ষার্থীরা মাদককে না বলার শপথ ও দুর্নীতিবিরোধী শপথ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আয়েন উদ্দিন। ইউএনও সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খায়রুন্নেছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২০০ শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নেয়। শপথ পাঠ করান সাংসদ আব্দুল ওদুদ। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মসিউল করিম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আবু জাফর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ। পরে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়।
নাটোরে শিক্ষার্থী সমাবেশ, শপথ ও মানববন্ধন হয়েছে। অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান, জেলা প্রশাসক শাহীনা খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সম্পাদক আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা প্রথমে শপথ নেয়। পরে মানববন্ধন হয়।
সিরাজগঞ্জে শহরের হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে কর্মসূচির উদ্বোধন ও শপথ পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু-নূর মোহাম্মদ সামসুজ্জামান। শহরে মানববন্ধন হয়। বিদ্যালয়ের মাঠে সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দীন আহমেদ, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ, ইউএনও ব্রেনজন চাম্বুগং, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ গোলাম মওলা, জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসা প্রমুখ।
বগুড়ার শেরপুরে সকালে মানববন্ধনে ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরিষদ চত্বরে শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ নেয়। সমাবেশে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র আবদুস সাত্তার, ইউএনও এ কে এম সরোয়ার জাহান, বগুড়ার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আতিকুল হক প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, সিরাজগঞ্জ ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি]