মাদক বিক্রিতে বাধা, দুই ছাত্রের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর শহরের খন্দকারপাড়ার একটি ছাত্রাবাসে মাদক বিক্রেতাদের হামলায় দুই ছাত্র আহত হয়েছেন। হামলাকারীরা আহত ছাত্রদের ছাত্রাবাসের ভেতরে রেখে বাইরের ফটকে তালা ঝুলিয়ে দেন।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় শহরের খন্দকারপাড়ার এম আর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টায় আহত ছাত্রদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত ছাত্ররা হলেন মো. কফিল উদ্দিন (২৫) ও আবদুর রহিম (২৬)। কফিল বগুড়ার শাহ সুলতান কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং রহিম কম্পিউটার প্রশিক্ষণার্থী।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর আলম বলেন, কফিলের ডান চোখের ওপরে দুটি সেলাই দিতে হয়েছে।

আহত ছাত্রদের ভাষ্যমতে, তাঁরা দীর্ঘদিন ধরে শহরের ওই ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে আসছেন। বেশ কিছুদিন ধরে ছাত্রাবাসের পাশের বাসিন্দা মোক্তার হোসেনসহ তাঁর দুই ভাই ফরিদ হোসেন ও গোলাম রব্বানী জোর করে ছাত্রাবাসের ভেতরে ঢুকে বাইরের লোকজনের কাছে ফেনসিডিল বিক্রি করে আসছেন। এতে তাঁরা বাধা দিলে উল্টো তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল সকাল থেকে আবার তাঁরা ছাত্রাবাসের ভেতর ঢুকে ফেনসিডিল বিক্রি করতে থাকলে ছাত্ররা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা তিন ভাই মিলে তাঁদের (ছাত্রদের) ওপর লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন। পরে তাঁরা ছাত্রাবাসে তালা ঝুলিয়ে চলে যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আহত কফিল উদ্দিন ওই তিন মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।