মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ি মজলিস এলাকায় মাদক ব্যবসায় বাধা দিলে ছাত্রলীগ-সমর্থিত সন্ত্রাসীরা গতকাল শুক্রবার মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের বিচার দাবি করেন। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে আটকের কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন এজি প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাড়ি মজলিস গ্রামের মোজাম্মেল হোসেন, আফিয়া সিএনজি পেট্রলপাম্পের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মীর মোবারক হোসেন, মাদ্রাসাশিক্ষক হাবিবুর রহমান খান, হাফেজ মান্নান, ফয়েজুর রহমান এবং মাদ্রাসার ছাত্র শাহীন, মাহফুজ, খবির উদ্দিন, তুহিন, হুসাইন, সাকিব ও সোয়েব।এদিকে এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় আফিয়া সিএনজি পেট্রলপাম্পের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন।রাত নয়টার দিকে সোহাগ নামের এক আসামিকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। সোহাগকে আটকের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানায় ভিড় জমান। এ সময় তাঁরা আসামিকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে মামলার বাদী শাহাদাত হোসেন থানায় আসেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিষয়টিতে সমঝোতার প্রতিশ্রুতি দেওয়ায় আমি আসামিকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে অনুরোধ করেছি।’পরে রাত পৌনে ১১টার দিকে আসামিকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়, এর আগে উপজেলার বাড়ি মজলিস ও ফুলবাড়িয়া গ্রামে ছাত্রলীগের সমর্থক সোহাগ, সোহেল, আল আমিন ও হিমেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। এ ব্যবসা করতে বারণ করলে ছাত্রলীগের ওই সমর্থকেরা গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাড়ি মজলিস গ্রামে ব্যবসায়ী মোজাম্মেলকে মারধর করে। এ সময় মাদ্রাসার পরিচালক হাফেজ মীর মোবারকসহ মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা এগিয়ে এলে সোহাগ, সোহেল ও হিমেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মীর মোবারক হোসেন জানান, ছাত্রলীগের ক্যাডার সোহাগকে মাদক বিক্রি করতে বারণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জনের একটি ক্যাডার বাহিনী নিয়ে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী ও তাঁর ওপর হামলা চালায়।যোগাযোগ করা হলে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, সোহাগ, সোহেল ও হিমেল ছাত্রলীগের কোনো পদে নেই। তবে তারা ছাত্রলীগ সমর্থন করে।