মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গত শনিবার রাতে হামলার শিকার হয়েছে এলাকার লোকজন। মাদক ব্যবসায়ীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চার ব্যক্তিকে চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে দুজন পথচারী।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী সোহেলসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গতকাল রোববার টঙ্গী মডেল থানায় মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ আউচপাড়ার বটতলা এলাকায় মাদক বিক্রির সময় এলাকার কিছু লোক বাধা দেয়। এ সময় মাদক ব্যবসায়ী সোহেলের নেতৃত্বে বাবু, সেলিম, সাদেকুল, আলামিনসহ কয়েকজন এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে দুই পথচারী আহত হয়। এরপর চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে ইসরাফিল মিয়া, এস এম লিটনসহ চারজনকে জখম করা হয়। সোহেল পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেয়। হামলাকারীরা একটি সোনার চেইন, চারটি মুঠোফোন ও লক্ষাধিক টাকা লুটে নেয়।
আশপাশের লোকজন আহত ছয় ব্যক্তিকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয় ইসরাফিল ও লিটনকে।
ইসরাফিল মিয়া জানান, সোহেলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা চলছে। শনিবার রাতে মাদক বিক্রির সময় বাধা দিলে সোহেল লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় বিস্ফোরক, মাদক ও সন্ত্রাস দমন আইনে ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকসহ চারজন গ্রেপ্তার: নারায়ণগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল হোসেনের ছেলে হাসান বসরী ও ছেলের সহযোগী সুজনকে ৩৯টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি ট্রাক থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো ঠাকুরগাঁও সদর উপজেলার রমজান আলী ও তোফাজ্জল হোসেন।