মাদক-বিয়েবহির্ভূত সম্পর্কে চাকরিচ্যুত বিজিবির শতাধিক সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবি সদর দপ্তর পিলখানায় আজ রোববার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সংস্থাটির মহাপরিচালক আজিজ আহমেদ। ছবি: জাহিদুল করিম
বিজিবি সদর দপ্তর পিলখানায় আজ রোববার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সংস্থাটির মহাপরিচালক আজিজ আহমেদ। ছবি: জাহিদুল করিম

মাদক ব্যবসায় সহায়তা ও বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে গত তিন বছরে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শতাধিক সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। বিজিবি এই ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে।
আজ রোববার সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ কথা বলেন। মহাপরিচালক হিসেবে আজিজ আহমেদের দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে বিজিবি সদর দপ্তর পিলখানার সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যাকাণ্ড একেবারে বন্ধ হবে যদি গরু চোরাচালান বন্ধ হয়। তবে এই হত্যা এখন অনেক কমে এসেছে। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষীরা মারণাস্ত্র ব্যবহার করেন, কিন্তু ভারত এ ধরনের অস্ত্র ব্যবহার করে না।
আজিজ আহমেদ বলেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির রাজনৈতিক শাখার প্রধানকে ভারত আটক করার পর বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। অবশ্য তিনি ওই বিচ্ছিন্নতাবাদী নেতার নাম বলেননি।
প্রসঙ্গত, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে অভিযান চালিয়ে পুলিশ আরাকান আর্মির একজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে আটক করেছে বলে দাবি করে। ওই ব্যক্তির নাম রেনন, যিনি আরাকান আর্মির রাজনৈতিক শাখার প্রধান বলে পুলিশ জানিয়েছিল।

বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমার-সংলগ্ন বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানের পর মিয়ানমার আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ তাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেয় না। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হয়েছে। তিনি বলেন, শিগগিরই বিজিবি ‘সীমান্ত ব্যাংক’ নামে একটি ব্যাংক চালু করবে। এটি বিজিবির কল্যাণ তহবিলের অধীনে পরিচালিত হবে। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে যায় এমন অস্ত্র বিজিবি সদস্যদের জন্য কেনা হবে। কেননা যুদ্ধের সময় বিজিবি সেনাবাহিনীর নেতৃত্বে কাজ করে।