মাদক ব্যবসা ও উত্ত্যক্ত করার দায়ে দণ্ড
বগুড়ার শেরপুরে হেরোইন সেবন ও শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নাটোরের লালপুরে মাদক ব্যবসা করার অপরাধে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত লালপুর থেকে দুই যুবককে পিস্তলসহ আটক করেছেন। ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার তাঁদের এ দণ্ড দেওয়া হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): হেরোইন সেবনের দায়ে শেরপুর উপজেলার হুসনাবাদ গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ রনিকে (১৮) ভ্রাম্যমাণ আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম প্রধান তাঁকে এ দণ্ড দেন। শিবগঞ্জ (বগুড়া): উপজেলার গুপিবল্লবপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগকাজি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমন সরকারকে (২০) চার মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান তাঁকে এ দণ্ড দেন।লালপুর (নাটোর): মাদক ব্যবসা করার অপরাধে লালপুরে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মুনছুর আলীকে (২৮) হেরোইন রাখা এবং রাজশাহীর চারঘাটের ইউসুবপুর গ্রামের রুবেল হোসেনকে (২৬) ফেনসিডিল রাখার দায়ে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া গাঁজা রাখার দায়ে কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর গ্রামের সেন্টুকে (২৫) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম তাঁদের এ দণ্ড দেন। বৃহস্পতিবারই জহিরুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুঠিয়া সার্কেলের পরিদর্শক ভূপতি কুমার বর্মণ অভিযান চালিয়ে লালপুরের মঞ্জিলপুকুর বটতলা থেকে কুষ্টিয়ার দৌলতপুর বিলমাড়ী গ্রামের রিয়াজুল শেখ (২০) ও খাবিজা গ্রামের জিয়াউর রহমানকে (২৮) দেশীয় দুটি পিস্তলসহ আটক করে লালপুর থানায় সোপর্দ করেছেন। বোয়ালমারী (ফরিদপুর): উপজেলার এলানখালী ঘাট এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মাগুরার মহম্মদপুর উপজেলার রুইজানি গ্রামের বালু ব্যবসায়ী মো. আফজাল মোল্লাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির ইকবাল তাঁকে জরিমানা করেন।