মাদক ব্যবসা ও ডাকাতি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে চুরি-ডাকাতি, মাদকদ্রব্যের ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কারেন্ট জাল তৈরির কারখানা বন্ধের দাবি জানিয়েছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। গতকাল সোমবার জেলার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির মাসিক সভায় ওই দাবি জানানো হয়।
কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, একেকবার জেলার একেক উপজেলায় মাসিক সভা হওয়ার কথা। ওই সিদ্ধান্ত অনুযায়ী গত সভা হয় টঙ্গিবাড়ী উপজেলায়। আগামী মাসের সভা হবে গজারিয়া উপজেলায়।
গতকালের সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, মাদকদ্রব্যের ব্যবসা ও চুরি-ডাকাতি বেড়ে গেছে। হাত বাড়ালেই জেলায় মাদক মেলে আর চোখ খুললেই মাদক চোখে পড়ে।
নদীপথে মাদক পাচারসহ ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানান গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান বলেন, জেলায় ট্রান্সফরমার চুরি বেড়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সভায় বলেন, কিছুদিন আগে প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ট্রান্সফরমার চুরি প্রতিরোধে মুন্সিগঞ্জের পল্লীবিদ্যুৎ সমিতির এক প্রকৌশলী ‘ট্রান্সফরমার নিরাপদ যন্ত্র’ নামের একটি যন্ত্র তৈরি করেছেন। ওই যন্ত্রটি স্থাপন করলে চুরি প্রতিরোধ করা সম্ভব।
সবশেষে সভার সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুল হাসান চুরি-ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধে পুলিশকে আরও উদ্যোগী হতে বলেন। তিনি বলেন, মাদক প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত চালানো হবে।