মাদক ব্যবসা ও সেবন বন্ধে শোভাযাত্রা ও সমাবেশ
মাদক ব্যবসা এবং মাদকসেবন বন্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে মানিকগঞ্জ জেলা এবং উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল আটিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বেলা ১১টার দিকে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়। এরপর আটিগ্রাম আকুলচন্দ্র উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। আটিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর-এ-আলমের সভাপতিত্বে সমাবেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ও আটিগ্রাম আকুলচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক প্রমুখ বক্তব্য দেন।