মাদক ব্যবসা ও সেবনের দায়ে পাঁচজনের দণ্ড
বগুড়ায় হেরোইন রাখার দায়ে জামাই ও শাশুড়িকে এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে একজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবনের দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও নওগাঁয় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত দুই দিনে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: হেরোইন রাখার দায়ে জামাই বগুড়ার সান্তাহারের কলসা গ্রামের কসিমউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩০) এবং তাঁর শাশুড়ি সান্তাহার চা-বাগান গ্রামের শামছুল হকের স্ত্রী রুবী খাতুনকে (৪৮) পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বগুড়ার অতিরিক্ত দায়রা জজ তিন নম্বর আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ মার্চ সান্তাহার পুলিশ ফাঁড়ির পুলিশ রুবীর বাড়ি থেকে ১২ পুরিয়া হেরোইন ও তাঁর মেয়ের জামাই মাসুদ রানার কাছ থেকে আট পুরিয়া হেরোইন উদ্ধার করে। ওই সময় এ ঘটনায় থানায় মামলা করা হয়। অবৈধভাবে বিদেশি পিস্তল রাখার দায়ে দুপচাঁচিয়া উপজেলার মেঘা সরকারপাড়ার আছিরউদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক ওরফে হেলালকে (৪০) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন রাখার দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল এ রায় দেন।গাইবান্ধা: প্রকাশ্যে মাদক সেবনের দায়ে গোবিন্দগঞ্জ উপজেলার কালিকাদহ গ্রামের এনামুল হককে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শনিবার গোবিন্দগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহেদ তাঁকে এ দণ্ড দেন। নওগাঁ: হেরোইন সেবন ও বহনের দায়ে সদর উপজেলার শৈলকুপা গ্রামের সায়েদ আলীর ছেলে মোস্তাকিম সরদারকে (৩০) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরউদ্দিন আল ফারুক তাঁকে এ দণ্ড দেন।