মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করলেন ৪৮১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা ফেনসিডিল বেচি। আমাদের ছেলেরাই তা কিনে খায়। মাদক বিক্রি করে আর কারও জীবন নষ্ট করে দিতে চাই না। এ ব্যবসা আমরা আর করব না। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কেউ যেন এমন মরণ নেশার ব্যবসা না করেন।’ জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়ামে গত শুক্রবার কথাগুলো বলছিলেন উপজেলার শ্রীমন্তপুর গ্রামের লালু পাহান।
লালু পাহানসহ উপজেলার সীমান্তসংলগ্ন ধরঞ্জি ও বাগজানা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪৮১ জন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে আসার অঙ্গীকার করেছেন। কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতায় পাঁচবিবি থানার পুলিশ তাঁদের পুনর্বাসন করেছে। তাঁদের অনেকের হাতে তুলে দেওয়া হয় অটোরিকশা, সেলাই মেশিন ও গরু। আবার কেউ কেউ মুদি দোকান করার জন্য অর্থ পান।
থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, পাঁচবিবি কমিউনিটি পুলিশিং ও বিভিন্ন স্তরের মানুষের সহায়তায় ওই ব্যক্তিদের পুনর্বাসন করা হচ্ছে। তাঁরা মাদক ব্যবসা ছেড়ে সুপথে আসার অঙ্গীকার করেছেন।
তাজপুর গ্রামের মীর শহীদ ফেনসিডিল বিক্রি করতেন। তিনি বলেন, ‘এ ব্যবসা আর করতে চাই না। রিকশাভ্যান চালিয়ে এখন থেকে সংসার চালাব।’ অনুষ্ঠানে উপস্থিত আরেক ব্যক্তি বলেন, ‘মেয়ে স্কুলে পড়ে। বড় হচ্ছে। মেয়েকে বিয়ে দিতে হবে। রিকশাভ্যান চালিয়ে অথবা মুদি দোকান করে সংসার চালাব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের পুলিশের ডিআইজি এম খুরশীদ আলম। সভাপতিত্ব করেন পুলিশ সুপার রশীদুল হাসান। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা চেম্বারের সভাপতি আবদুল হাকিম মণ্ডল প্রমুখ।