মাদক ব্যবসা ছাড়ার পুরস্কার সেলাই মেশিন ও ভ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করায় জন্য দিনাজপুরের বিরল উপজেলার ১১ জন নারী মাদক ব্যবসায়ীর প্রত্যেককে সেলাই মেশিন এবং চারজন পুরুষ ব্যবসায়ীকে রিকশাভ্যান দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে বিরল থানা চত্বরে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম আত্মসমর্পণকারী ব্যক্তিদের হাতে এসব পুরস্কার তুলে দেন। 

পুলিশ সুপার হামিদুল আলম বলেন, দিনাজপুরে মাদক প্রতিরোধে পুরো জেলায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো যেসব মাদক ব্যবসায়ী ও মাদকসেবী পুলিশের আহ্বানে সাড়া দেননি, অবিলম্বে মাদক ছেড়ে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, এলে পুলিশের উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে। অন্যথায় ওই মাদক ব্যবসায়ী ও সেবীদের কারাগারে পচতে হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদের সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ, উপজেলা পুলিশিং কমিটির উপদেষ্টা এম এ লতিফ, পুলিশিং কমিটির আহ্বায়ক এ কে এম মোস্তাফিজুর রহমান, পৌর পুলিশিং কমিটির আহ্বায়ক ও বিরল সদর ইউপির চেয়ারম্যান আলহাজ সবুজার সিদ্দিক প্রমুখ। উপজেলার সব ইউনিয়নের জনপ্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।